২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টারে প্রচারণা বন্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনকে সামনে রেখে রাজধানী জুড়ে লাগানো 'শুভেচ্ছামূলক' পোস্টারকে আইন-বহির্ভূত আখ্যায়িত করে নির্বাচন কমিশন বলেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনকে সামনে রেখে রাজধানী জুড়ে লাগানো 'শুভেচ্ছামূলক' পোস্টারকে আইন-বহির্ভূত আখ্যায়িত করে নির্বাচন কমিশন বলেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোববার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান এ ধরনের প্রচারণা বন্ধে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহানগর পুলিশ কমিশনারকে তারা চিঠি দেবেন। নির্বাচনী আইন অনুযায়ী প্রচারণায় বহুরঙের পোস্টার ব্যবহার নিষিদ্ধ। তবে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনী তফসিল ঘোষিত না হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইসি এ মুহূর্তে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারছে না। সাখাওয়াত হোসেন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঈদ-উল-আজহায় নগরী সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছামূলক পোস্টারে ছেয়ে গেছে। এসব পোস্টার কোন প্রেস থেকে ছাপানো হলো এবং কারা ছাপিয়েছে-তার কোনো উল্লেখ নেই। "প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট অনুযায়ী প্রিন্টার্স কোম্পানির নাম, ঠিকানা ছাড়া পোস্টার ছাপানো আইন-বহির্ভূত। এ অপরাধের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। এজন্য ডিএমপি কমিশনারকে এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সোমবারই চিঠি দেবো", বলেন তিনি। এর আগে নবম সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ অক্টোবর 'ঈদ ও পূজার শুভেচ্ছা' দিয়ে নগরীতে সম্ভাব্য প্রার্থীরা পোস্টার লাগালে নয় দিন সময় বেঁধে দিয়ে তা তুলে ফেলার নির্দেশ দিয়েছিল ইসি। এ নির্দেশের পরপরই সংশ্লিষ্ট প্রার্থীরা পোস্টার তুলে ফেলেন। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আবারো এ ধরনের নির্দেশ দেওয়া হতে পারে। জানুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনী তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২১১৬ঘ.