২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রেন থেকে ভারতীয় সার উদ্ধার

নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন 'বরেন্দ্র' থেকে বিপুল পরিমাণ ভারতীয় পটাশ সার আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

জয়পুরহাট, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন 'বরেন্দ্র' থেকে বিপুল পরিমাণ ভারতীয় পটাশ সার আটক করা হয়েছে। রোববার সকালে জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনে পৌঁছার পর ট্রেনটি থেকে এই চোরাই সার আটক করে পুলিশ, র‌্যাব ও বিডিআর। ট্রেনটি আটকে রেখে সার উদ্ধারের কারণে সকাল সোয়া ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে পাঁচবিবি স্টেশনে আটকা পড়ে একটি আন্তনগর ট্রেন। পাঁচবিবি রেল স্টেশন মাস্টার সন্তোষ কুমার সাংবাদিকদের জানান, সকালে হিলি সীমান্ত এলাকা থেকে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় পটাশ সার ট্রেনে তোলে। ট্রেনের আসন ও আশপাশে সারগুলো ছড়িয়ে রাখায় যাত্রীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। ট্রেনটি পাঁচবিবি স্টেশনে পৌঁছার পর ট্রেনযাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র বিডিআরকে ঘটনাটি জানায়। পরে ট্রেনটি আটকে রেখে পুলিশ, বিডিআর, র‌্যাব ও যাত্রীরা মিলে প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের সার উদ্ধার করে বলে স্টেশন মাস্টার জানান। তিনি জানান, এ কারণে দুপুর সোয়া ১টা পর্যন্ত এ পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পাঁচবিবি স্টেশনে পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। জয়পুরহাট ৩-রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হক সাংবাদিকদের জানান, আটক সব সার বিডিআরের হেফাজতে রয়েছে। পরে এগুলো পাঁচবিবি থানা অথবা হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। আটক সারের হিসাব বের করার পর পাঁচবিবি থানায় মামলা করা হবে বলে বিডিআর কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২০ ঘ.