২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেআরসি বৈঠকে তিস্তার পানি বণ্টনে গুরুত্ব

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) টেকনিক্যাল কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে অভিন্ন তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) টেকনিক্যাল কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে অভিন্ন তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একথা জানিয়ে বলেন, শনিবারের বৈঠকে ইছামতি নদীর ড্রেজিং এবং ফেনী নদী সেচ প্রকল্প চালু সংক্রান্ত ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। শুক্রবার রাজধানীতে শুরু হওয়া এ বৈঠকে বাংলাদেশের জেআরসি সদস্য মীর সাজ্জাদ হোসেন এবং ভারতের সদস্য এস পি কাকরান নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ধানমণ্ডিতে অবস্থিত জেআরসির কার্যালয়ে হয় প্রথম দিনের বৈঠক। দ্বিতীয় দিন শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত বৈঠকে কোনো সাংবাদিকের প্রবেশের অনুমতি ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার দুই পক্ষ গঙ্গা নদীর পানি বণ্টনের প্রতিবেদনটি চূড়ান্ত করেছে। আজ তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ইছামতি নদীর ড্রেজিং এবং ফেনী নদী বরাবর সেচ প্রকল্প বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।" ভারতের প্রতিনিধিদলটি রোববার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করবে। সরকারি কর্মকর্তারা জেআরসির টেকনিক্যাল কমিটির তিনদিনের এ বৈঠককে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছেন। আগামী ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের আগে জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে সম্ভাব্য চুক্তির বিষয়ে এই টেকনিক্যাল কমিটির প্রস্তাব পাঠানো হবে। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের আগে জেআরসির টেকনিক্যাল কমিটির আলোচনার ভিত্তিতে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও ভারত কী পরিমাণ পানি পাবে তা চূড়ান্ত হবে। মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নয়াদিল্লি সফরকালে তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তির খসড়া চূড়ান্ত করতে আলাপ-আলোচনা জোরদারে সম্মত হয় বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করার জন্য দীর্ঘদিন ধরে নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। ধান উৎপাদনকারী রংপুর অঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রথম ধাপের আওতায় প্রায় সাড়ে সাত লাখ হেক্টর কৃষি জমি রয়েছে। কিন্তু ভারত তার সেচ প্রকল্পের জন্য তিস্তার উজানে গজালডোবায় বাঁধ নির্মাণ করায় প্রতি বছর শুকনো মৌসুমে নদীর বাংলাদেশ অংশে পানি সঙ্কট দেখা দেয়। পানির এমন সঙ্কটের কারণে সরকার তিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করতে পারছে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। ভারত থেকে বাংলাদেশে ৫৪টি নদী প্রবেশ করলেও অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে এ পর্যন্ত শুধু গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছে। সেপ্টেম্বরে দুই দেশ নদীতীর রক্ষা, ড্রেজিং, সেচ এবং খাবার পানি প্রকল্প চালু করতেও সম্মত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসকে/২২৩৭ঘ.