সাতক্ষীরা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার ভূমিহীন ও কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের কাটিয়া লস্করপাড়ায় বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে গভীররাতে সাইফুল্লাহর বাড়িতে পুলিশ গিয়েছিল বলে তার পরিবার এবং সদর থানার ওসি জানিয়েছেন।
পুলিশ বলেছে, সাইফুল্লাহর মৃত্যু রহস্যজনক।
তবে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভিযোগ করেছে, পুলিশ তাকে হত্যা করেছে।
সাইফুল্লাহ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপন রাজনৈতিক দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত এবং জেলা ভূমিহীন উচ্ছেদ সমন্বয় কমিটির নেতা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকালে সাইফুল্লাহ লস্করের মরদেহ দেখার জন্য শহরের লস্কর পাড়ায় হাজার হাজার মানুষ ভিড় জমায়। তার মুখমণ্ডল ও গলায় কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে।
এ ঘটনায় সাইফুল্লাহর ছেলে জাকারিয়া লস্কর থানায় একটি অপ-মৃত্যু মামলা করেছেন বলে সদর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক মনোয়ারা খাতুন জানান।
তিনি জানান, মামলার এজাহারে বলা হয়েছে- রাতে পুলিশ হানা দিলে তার বাবা বাড়ি থেকে পালিয়ে যান। সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের কাছে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
সাইফুল্লাহর স্ত্রী সুরাইয়া খাতুন সাংবাদিকদের বলেন, কাটিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গভীর রাতে তাদের বাড়ি যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পুলিশের তাড়া খেয়ে রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
সাতক্ষীরা সদর থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, "সাইফুল্লাহ লস্করের মৃত্যু রহস্যজনক।"
তিনি জানান, ভূমিহীনদের বিষয় নিয়ে শনিবার প্রশাসনের একটি বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানাতে তার কাছে গভীর রাতে পুলিশ পাঠানো হয়েছিল।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর তার মরদেহ বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত ১৫ নভেম্বর সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচক খাস জলমহাল ভূমিহীনরা দখল করে নেয়। শান্তিপূর্ণভাবে জলমহালটি দখলমুক্ত করতে সহযোগিতা চেয়ে ৩ ডিসেম্বর রাতে সাতক্ষীরার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এস এম মনিরুজ্জামান সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সাইফুল্লাহর মৃত্যু ব্যাপারে এসপি'র সঙ্গে কথা বলা যায়নি। তিনি সুন্দরবনে রয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে।
বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ও জেলা ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সমন্বয় কমিটি প্রতিবাদ সমাবেশে করেছে।
সমাবেশে কৃষক সংগ্রাম সমিতির নেতারা অভিযোগ করেন, পুলিশ সাইফুল্লাহ শ্বাস রোধ করে হত্যা করেছে।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সারাদেশে পাঁচদিনের কর্মসূচি দিয়েছে। কর্মসূচির মধ্যে আছে বিক্ষোভ মিছিল, র্যালি, শোক সভা ও প্রতিবাদ সমাবেশ।
জেলা ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সমন্বয় কমিটি ৮ ডিসেম্বর জেলা সদরের নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন- কৃষক সংগ্রাম কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, জেলা বাসদ (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল) সভাপতি আজাদ হোসেন বেলাল ও জেলা ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সমন্বয় কমিটির আহবায়ক আব্দুর রহিম প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাইফুল্লাহর জানাজা হয়। তার মরদেহ নিয়ে কৃষক সংগ্রাম সমিতি, ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতাকর্মী ও স্বজনরা মিছিল সহকারে শহর প্রদক্ষিণ করে। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24