২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নৌকাডুবির ঘটনায় তদন্ত কমিটি

কিশোরগঞ্জের দাইরা নদীতে নৌকাডুবির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের দাইরা নদীতে নৌকাডুবির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে এক সরকারী তথ্য বিবরণীতে বলা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাণিজ্যিক) মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম সিরাজুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুলসী রঞ্জন সাহা, বিআইডব্লিউটিএ'র উপ পরিচালক মো. হোসেন এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. জাহিদ হোসেন। শুক্রবার মিঠামইন উপজেলার দাইরা নদীতে লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত ওই নৌকাটি ডুবে যায়। শনিবার পর্যন্ত লাশ উদ্ধার করা হয়েছে ৪৮টি। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল যাদের অনেকে সাঁতরে তীরে ওঠে। ইতোমধ্যে এ ঘটনায় একটি মামলাও হয়েছে। ভোলায় লঞ্চ দুর্ঘটনায় ৮৭ জনের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে কিশোরগঞ্জে এ নৌ দুর্ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৯৪৫ঘ.