২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখতার আহমেদের লাশ আসবে শনিবার

ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক আখতার আহমেদের লাশ শনিবার বিকালে ঢাকা এসে পৌঁছবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক আখতার আহমেদের লাশ শনিবার বিকালে ঢাকা এসে পৌঁছবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি খোঁজ নিয়ে জেনেছি আখতার আহমেদের কফিন শুক্রবার দুপুরে দোহা এসে পৌঁছেছে। কাতার এয়ারলাইন্সের বিমানে তার কফিন দোহা থেকে ঢাকা রওনা হবে।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ ডিসেম্বর কাতার এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটের বুকিং বাতিল হওয়ায় ওয়াশিংটন থেকে তার কফিন বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। এদিকে শুক্রবার সকালে আখতার আহমেদের কফিন ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তার নামাজে জানাজায় অংশ নিতে সকালে জাতীয় প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ সমবেত হন। পরে জানানো হয়, তার কফিন ঢাকায় এসে পৌঁছায়নি। গত ৩০ নভেম্বর রাতে ওয়াশিংটনের ম্যারিল্যান্ডের রকভিলের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে আখতার মারা যান। ওই দিনই মেরিল্যান্ড পুলিশ তার বাসা থেকে লাশ উদ্ধার করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আখতার আহমেদ খান ওয়াশিংটনের প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ পান। তিনি জুলাই মাসে কাজে যোগ দেন। কর্মস্থলে তিনি একাই থাকতেন। আখতার স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএম/এমইউএস/এমআই/১৬৫৫ ঘ.