২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় পিআরএসপি চূড়ান্ত

দেড় বছরের জন্য দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) চূড়ান্ত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 11:01 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় বছরের জন্য দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) চূড়ান্ত করেছে সরকার। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের জুন পর্যন্ত দ্বিতীয় পিআরএসপি বাস্তবায়নের জন্য সব মিলিয়ে ব্যয় হবে ২৮১৪.৮১ বিলিয়ন টাকা (২ লাখ ৮১ হাজার ৪৮১ কোটি টাকা)। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে দ্বিতীয় পিআরএসপি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, "আগামী ২০১১ সালের জুলাই থেকে আমরা (সরকার) আবারো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফিরে যাবো। তবে এর আগের সময় পর্যন্ত অর্থাৎ ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের জুন পর্যন্ত সময়ের জন্য দ্বিতীয় পিআিরএসপি অনুযায়ী সরকারের দারিদ্র বিমোচন কার্যক্রম পরিচালিত হবে। ২০১১ সালের জুলাইয়ের পর আর কোনো পিআরএসপি থাকবে না।" অর্থমন্ত্রী বলেন, সরকার-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ডিসেম্বর থেকে পুরোদমে শুরু হবে। আগামী মন্ত্রিসভার বৈঠকেই পিপিপি সংক্রান্ত নীতিমালা অনুমোদন দেওয়া হবে। এরপর থেকে পিপিপি'র আওতায় প্রকল্প বাস্তবায়নে টেন্ডার (দরপত্র) আহ্বানসহ অন্যান্য কাজ পুরোদমে চালিয়ে যাওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "আমরা অক্টোবর থেকেই পিপিপি'র আওতায় প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। ডিসেম্বর থেকে এই কাজ চালিয়ে যাওয়া হবে।" অর্থমন্ত্রী জানান, ২০১১ সালের জুলাই থেকে ওই পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হবে ষষ্ঠ পরিকল্পনা। সরকারের নির্বাচনী ইস্তেহারকে সামনে রেখে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। বিশ্বমন্দা মোকাবেলার জন্য দ্বিতীয় প্রণোদনা প্যাকেজে কোনো পরিবর্তন আনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "প্রণোদনা প্যাকেজ একটি চলমান প্রক্রিয়া। মন্দার কারণে আমাদের কোনো খাত ক্ষতিগ্রস্ত হোক তা আমরা চাই না। যখন যে খাতের যে ধরনের প্রণোদনা প্রয়োজন হবে আমরা সে ব্যবস্থা করবো।" 'শুধু কথা হচ্ছে, কাজ হচ্ছে না'- এই প্রসঙ্গে সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত পরিকল্পনা সচিব মশিউর রহমান বলেন, কাজ শুরু হয়েছে, খুব শিগগিরই দেশের মানুষ তার ফলাফল পাবে। তবে আমরা চাই সরকারি অর্থের অপচয় যেন না হয়। তিনি বলেন, "প্রকৃত খরচ আর 'খাম্বা খরচ' এক নয়। বর্তমান সরকার 'খাম্বা খরচ' থেকে দূরে থাকতে চায়।" দ্বিতীয় পিআরএসপি'র জন্য সম্পদ উৎসের ব্যাপারে অর্থমন্ত্রী জানান, স্থানীয় ও বৈদেশিক সাহায্য থেকে এই অর্থের যোগান আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এমআই/১৬৪৫ ঘ.