ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় লঞ্চ দুর্ঘটনার মামলায় আসামি করা হয়েছে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে।
খালেদা জিয়ার দুই ছেলে ওই লঞ্চ কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য জানিয়ে নৌমন্ত্রী শাজাহান খান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তারাও আসামি।"
মেসার্স রহমান শিপার্স বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে মেরিন আদালতে গত সোমবার মামলাটি দায়ের হয়।
এর আগে দুপুরে মন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের জানান, তারেক ও কোকোকেও ওই মামলায় আসামি করা হবে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিদর্শক শফিক ইয়াকুব বাদি হয়ে দায়ের করা ওই মামলায় রহমান শিপার্সের পরিচালক ও তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আলম মামুনসহ ১৬ জনকে আসামি করা হয়।
শাজাহান খান বলেন, "আমার জানা মতে, ওই লঞ্চ (দুর্ঘটনা কবলিত কোকো-৪) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তারেক রহমান। আরাফাত রহমান পরিচালক।"
বিরোধীদলীয় নেতা খালেদার দুই ছেলেই বর্তমানে দেশের বাইরে আছেন। বেশ কয়েকটি মামলার আসামি তারেক জামিন নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। কোকো সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে এখন থাইল্যান্ড রয়েছেন।
নকশায় ত্র"টি থাকলে ওই লঞ্চের নিবন্ধনও বাতিল করা হবে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, "মালিক হোক, শ্রমিক হোক, প্রশাসন হোক- দুর্ঘটনার জন্য যেই দায়ী থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
দুর্ঘটনা তদন্তে নৌ মন্ত্রণালয়ের একটি কমিটি করেছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রাণহানির ঘটনায় ফৌজদারি মামলাও হবে বলে মন্ত্রী জানান।
দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশামনের উদ্যোগে আরো দুটি কমিটি কাজ করছে।
ঈদুল আজহার একদিন আগে শুক্রবার ভোলার লালমোহনে কোকো-৪ লঞ্চটি তলা ফেটে ডুবে যায় বলে স্থানীয়রা জানায়।
ওই লঞ্চের ৮৪ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম কাজ করছে।
দুর্ঘটনার পর গত সোমবার রাতে লালমোহন থানায় লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেন লঞ্চটির এক যাত্রী। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে বিআইডব্লিউটিএ'র তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮২১ ঘ.
bdnews24