মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
কুতুবদিয়া থেকে
কুতুবদিয়া (কক্সবাজার), ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেদিকে চোখ যায় শুধু লবণের মাঠ অথবা সামুদ্রিক মাছের আড়ত ও মাছ শুকানোর খোলা কেল্লা (এক ধরনের পরিপাটি করা মাঠ)। কোথাও কোথাও বছর তিন বয়সী দু-একটি বাইন ও কেওড়া গাছ। এটাই কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার এখনকার চিত্র।
ঝড়, জলোচ্ছ্বাস, সুনামির মতো সামুদ্রিক দুর্যোগ থেকে উপকূলকে বাঁচায় বনাঞ্চল। বাংলাদেশের দক্ষিণে যে বিশাল উপকূল এলাকা, তার একটি অংশের প্রাকৃতিক প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে সুন্দরবন।
এর পাশাপাশি কক্সবাজার ও এর আশেপাশের এলাকায় তৈরি করা হয়েছিলো কৃত্রিম ম্যানগ্রোভ ফরেস্ট 'প্যারাবন'। গত এক দশকে আবার সেই প্যারাবন ধ্বংস করছে কিছু স্বার্থান্বেষী মানুষ।
কুতুবদিয়া উপজেলার ফরেস্ট গার্ড আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ বছর আগেও দ্বীপের কুতুবদিয়া চ্যানেল ধরে ছিল প্যারাবন। সেই সময় থেকেই লবণ চাষ আর মাছ শুকানোর কথা বলে প্রশাসনের ছত্রছায়ায় 'ভূমিলিপ্সু' কিছু ব্যক্তির প্ররোচনায় ধীরে ধীরে বন উজাড় শুরু হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বিগত একশ' বছর ধরেই প্যারাবন ধ্বংসের প্রবণতা চলছে। দেশের উপকূলজুড়ে চিংড়ি চাষসহ প্রভাবশালী মহলের অবৈধ হস্তক্ষেপ, সর্বোপরি জনসংখ্যা বৃদ্ধির কারণে গত একশ' বছরেই এক পঞ্চমাংশ প্যারাবন ধ্বংস হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক কামাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাল্লা দিয়ে উপকূলীয় এলাকার দুর্যোগ ঝুঁকি এমনিতেই বাড়ছে। অব্যাহতভাবে ম্যানগ্রোভ বনাঞ্চল উৎাড় তা আরো বাড়িয়ে তুলেছে।
তিনি বলেন, এছাড়াও নানা কারণে দেশের বিস্তীর্ণ উপকূলের প্রায় ৬০ হাজার হেক্টর ম্যানগ্রোভ প্যারাবন ধ্বংস হয়ে গেছে। ওইসব এলাকায় নতুন করে বনায়ন না হলে ভবিষ্যতে সুনামি, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে ক্ষতির পরিমাণ বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে বিস্তীর্ণ এলাকার প্যারাবন পুরেপুরি উজাড় হয়ে গেছে। বাকি এলাকাতেও চলছে বন নিধনের প্রক্রিয়া। ফলে ঝড়-জলোচ্ছ্বাসে হুমকির মুখে আছে খুলনার শ্যামনগর থেকে কক্সবাজারের উখিয়া পর্যন্ত ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলের প্রায় তিন কোটি মানুষ।
জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার হবে এ দ্বীপটি উল্লেখ করে সোমবার কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আসার পর (একবছরে) এ এলাকায় প্যারাবন দেখিনি। তবে বনবিভাগের উদ্যোগে বনায়ন কর্মসূচি শুরু হয়েছে।"
দ্বীপটিকে দুর্যোগ থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা গড়ে তোলাসহ চারদিকে মেরিন ড্রাইভ নির্মাণ, পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদ্য বোনা প্যারাবন ধ্বংসে যে কোনো ধরনের অপচেষ্টা রোধে প্রশাসন সচেতন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্যারাবন উজাড়ের প্রক্রিয়া ১৯৮০ এর দশকের গোড়ার দিকে শুরু হয় জানিয়ে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর করজারভেশন ন্যাচার (আইইউসিএন) এর সাবেক আবাসিক প্রতিনিধি আইনুন নিশাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনসংখ্যার চাপ ও চিংড়ি চাষের বিস্তার ঘটায় হুমকির মুখে পড়ছে পুরো জনপদ। হুমকির মুখে রয়েছে বরগুনা-পটুয়াখালী-পিরোজপুর-নোয়াখালী, ভোলা, হাতিয়া-চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চল।
বিশ্বের অনন্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের নদী-নালায় চলা যন্ত্রচালিত নৌকার বর্জ্য প্রতিবেশের জন্য বড় ধরনের হুমকি বলে জানান তিনি।
পরিবেশবিদ আনসারুল করিমের মতে, চকরিয়া-কুতুবদিয়া-মহেশখালী উপকুলে গত কয়েক বছরে ৬ হাজার হেক্টর প্যারাবন উজাড় হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান 'কোস্ট ট্রাস্ট' তাদের তাদের গবেষণা প্রতিবেদনে কুতুবদিয়ার বিষয়ে বলেছে, শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নয়, বরং প্যারাবন ধ্বংস ঊপকূলীয় ভাঙনও তরান্বিত করে। প্যারাবন না থাকায় বেড়িবাঁধ উপচে লবণাক্ত পানি ঢুকছে। পাশাপাশি প্যারাবন ধ্বংস করে চিংড়ি ঘের তৈরী ও লবণের মাঠ করার প্রবণতা বাড়ছে। ভাঙন অব্যাহত থাকলে আগামী ৪০/৪৫ বছরে কক্সবাজার উপকূলের কুতুবদিয়া সমুদ্রগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। যেমনটি অন্যন্য উপকূলেও হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত ৪ দশকে প্রায় ২৫টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ৭ লক্ষাধিক লোক মারা গেছে। গড়ে প্রতি বছর ১৭ হাজার ৫০০ লোক প্রাণ হারায়। এর মধ্যে ১৯৭০ এবং ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যথাক্রমে ৫ লাখ ও ১ লাখ ৪০ হাজার (সরকারিভাবে ১ লাখ ৩৮ হাজার ৮৮১ )।
সা
bdnews24