ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এক সপ্তাহের জোরদার প্রচারণা মঙ্গলবার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ।
গণমাধ্যমে প্রচারণা ছাড়াও এ কর্মসূচীর মধ্যে থাকবে মাইকিং,পোস্টারিং ও পরিবহন মালিক-শ্রমিকদের প্রশিক্ষণ।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে প্রচারণা সপ্তাহের উদ্বোধনকালে মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক এ কথা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার রাজধানীর যানজটের কারণ ব্যাখ্যা করেন এবং আইন ভঙ্গের জন্য শাস্তির কথা আবার তুলে ধরেন।
৮ ডিসেম্বর থেকে ট্রাফিক আইন ভঙ্গকারীকে ন্যুনতম এক হাজার টাকা জরিমানা ও তিন মাসের জন্য সংশ্লিষ্ট চালকের লাইসেন্স স্থগিত করা হবে।
গত ২১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি পুনঃপ্রবর্তন ও লেন পদ্ধতি চালুর ঘোষণা দেন পুলিশ কমিশনার। এরপর ২১ থেকে ২৮ নভেম্বর পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতি পদ্ধতি চালানো হয়।
রাস্তার ডান পাশের প্রথম লেনে কার, মাইক্রোবাস, জিপ ও ভিআইপিদের গাড়ি চলবে। যেসব গাড়ি সামনে গিয়ে ডানে মোড় নেবে সেগুলো ডানের লেনে চলবে।
মাঝখানের দ্বিতীয় লেনে চলবে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান।
বাঁয়ের তৃতীয় লেনে অটো রিকশা, হিউম্যান হলার ও টেম্পো জাতীয় যান চলবে। যেসব গাড়ি সামনের ক্রসিংএ বামে মোড় নেবে সেসব গাড়ি তৃতীয় লেনে চলবে।
লেনে চলার সময় ওভারটেক করা নিষেধ। যত্রতত্র ইচ্ছামতো লেন পরিবর্তন করা যাবে না। সামনের ক্রসিংয়ে বাঁয়ে বা ডানে মোড় নিতে হলে গাড়িটিকে আগেই বাঁয়ের বা ডানের লেন ধরে চলতে হবে। আর ক্রসিংয়ে বাঁয়ের বা ডানের লেন বন্ধ করে রাখা যাবে না।
এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং বা নির্দিষ্ট স্থান ছাড়া বাস থামানো যাবে না।
কমিশনার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "ট্রাফিক শৃঙ্খলা মেনে না চলা, নির্ধারিত লেনে যানবাহন না চালানো, রাস্তার বাঁ পাশের লেন বন্ধ রাখা, পর্যাপ্ত রাস্তা না থাকা, অবকাঠামোগত সমস্যা, নগরীর ভেতর দিয়ে ট্রেন চলাচল এবং সর্বোপরি অপরিকল্পিত নগরায়নই যানজটের প্রধান কারণ।"
অনুষ্ঠানে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০৩১ঘ.
bdnews24