২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনের প্রেস মিনিস্টার আখতার খানের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার আখতার আহমেদ খান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 08:24 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ওয়াশিংটন, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার আখতার আহমেদ খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার ম্যারিল্যান্ডের রকভিলের বাসায় তার লাশ পাওয়া যায়। সপ্তাহান্তের ছুটি শেষে অফিসে না যাওয়ায় দূতাবাসের সহকর্মীরা তার বাসায় ছুটে আসেন। এসময় ওই বাসায় উপস্থিত প্রবাসী আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আখতার আহমেদ খান ১৯৫৫ সালে ১ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে ইংরেজীতে এমএ ডিগ্রি লাভ করেন। আখতার আহমেদ মর্নিংসান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), নিউ এইজ, ইন্ডিপেন্ডেন্টসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিবও ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রেস মিনিস্টার আখতার আহমেদ খানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াত আখতার আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। এছাড়া তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিক আখতার খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/১৪১৫ ঘ.