ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের সবচেয়ে বড় গরু-ছাগলের হাট গাবতলীতে ঈদের পরদিন রোববার অবিক্রিত প্রচুর পশু দেখা গেছে।
বেলা ১২ টার দিকে হাট ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক প্রদীপ চৌধুরী বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, এবার বিক্রি হয়েছে কম। লোকসানও গুনতে হয়েছে ব্যবসায়ীদের।
ঈদের আগের দিন গভীর রাত পর্যন্তও সেখানে পা ফেলার জায়গা পর্যন্ত ছিল না। ক্রেতা-বিক্রেতা আর গরু-ছাগলের ভিড় হাট এলাকা ছাড়িয়ে চলে এসেছিল মূল সড়কে। রোববার একই স্থানে একেবারে উল্টো চিত্র।
গরু-ছাগলের ভিড় আছে, আছে অনেক বিক্রেতাও। নেই শুধু ক্রেতা। সারি সারি দাঁড়িয়ে আছে গরুর পাল। অনেক বিক্রেতা আবার ব্যস্ত লাভ-লোকসানের অঙ্ক মেলাতে।
হাটে ঢোকার মুখেই বেশ বড় ধরনের জটলা। জটলা দেখে অনেকেরই ভুল হতে পারে ক্রেতা-বিক্রেতার ভিড় বুঝি ! কথা বলে জানা গেল এদের প্রায় সবাই বিক্রেতা। ক্রেতার জন্য অধীর অপেক্ষা।
ক্রেতা মনে হলেই চারদিকে থেকে ঘিরে ধরছে বিক্রেতা দল।
ঝিনাইদহের ব্যবসায়ী হাবিবুর রহমান ১৭টি গরু নিয়ে ঈদের আগের দিন আসেন গাবতলীতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঈদের আগের দিন এক থেকে দুই হাজার টাকা লাভে ১২টি বিক্রি করেছি। কিন্তু বাকী ৫টি গরু চার থেকে পাঁচ হাজার টাকা লোকসান দিয়েও বিক্রি করতে পারছি না।"
হাবিবুর রহমানের মত বরিশালের জামান, মেহেরপুরের সামাদুল, কুষ্টিয়ার রাজা ব্যাপারী, কিশোরগঞ্জের উজ্জ্বল, রাজশাহীর আতাউরসহ অনেকেরই একই হাল।
রাজা ব্যাপারী জানান, প্রায় দেড় মন ওজনের একটি খাসি এলাকা থেকে কিনেছেন ২৮ হাজার টাকায়। কিন্তু বিক্রি করতে হয়েছে ১০ হাজার টাকা লোকসানে।
তিনি আরও জানান, অন্যসব খাসির প্রতিটিতে এক হাজার থেকে ১২'শ টাকা লোকসান দিতে হয়েছে। অন্য বিক্রেতাদের অবস্থাও তাই।
গাবতলীতে রোববার হাতেগোনা যে কয়েকজন ক্রেতা এসেছেন তাদের একজন মিরপুরের রন্টি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রাম থেকে আত্মীয় স্বজন বেশি আসায় আজকে আবারও গরু কিনতে এসেছি। ২৫ হাজার টাকা দিয়ে গরুটি কিনলাম। ঈদের আগের দিন এমন গরু বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়।"
আরেকজন ক্রেতা আব্দুল আজিজ এসেছেন বর্ধন বাড়ির ভাঙ্গা ওয়াল এলাকা থেকে। তিনি একটি খাসি কিনেছেন ২ হাজার ৭'শ টাকা দিয়ে।
আব্দুল আজিজ জানান, ঈদের আগে এমন খাসি বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার টাকায়।
গাবতলী পশুর হাট পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্য বছরের তুলনায় এবার ঈদে গরু বিক্রি কম হয়েছে। আমদানি বেশি থাকায় দামও ছিল কম। গাবতলী হাটে কম দাম হাওয়ায় কয়েক'শ গাড়ি ফেরত গেছে।"
তিনি জানান, ঢাকার বাইরে থেকে এক গাড়ি গরু আনতে পরিবহন ও রাস্তা খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। আবার ফেরত নিতেও একই খরচ। দাম কম এবং ক্রেতার অভাবে অনেকেই এই লোকসান দিয়েও গরু ফেরত নিয়ে গেছে।
সানোয়ার হোসেন বলেন, "অলিতে গলিতে হাট বসার কারণেও গাবতলীতে ক্রেতা কম এসেছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৫০৮ ঘ.
bdnews24