ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-"লেখাপড়া শেষ করার আগে ফিলিস্তিন ফিরে গেলে ইসরাইলিরা আর কোনোদিন এখানে আসতে দেবে না। তারা গাজা ও পশ্চিম তীর থেকে আমাদের তাড়িয়ে দিতে চাইলেও লেখাপড়া করতে বিদেশ যেতে দেয় না। এ কারণেই গত চার বছরে আটটি ঈদ ঢাকায় করতে হয়েছে।"
কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩য় বর্ষের ছাত্র সেলিম হোসনে কান্নিতা। তার বাড়ি ফিলিস্তিনের গাজা উপত্যকায়।
অনেক বিদেশি শিক্ষার্থীর মতো সেলিমও থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলে।
শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেলিম বলেন, তারা দুই ভাই ও তিন বোন। বাবা পুলিশ কর্মকর্তা ও মা গৃহিনী। ছোটভাই ইয়াসির আরাফাতও বাংলদেশেই পড়াশোনা করেন।
সেলিম বলেন, "ঈদ বা অন্য কোনো ছুটিতে আমার বাংলাদেশের বন্ধুদের গ্রামের বাড়ি যেতে দেখলে কিছুটা মন খারাপ হয়। তখন গাজা শহরের অলিগলি আমাকে দারুনভাবে টানে। কিন্তু করার কিছু নেই। ঈদ করতে ফিলিস্তিন গেলে আর ফিরে আসা হবে না।"
সকালে গোসল করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েন হোসেন। দেশের বন্ধুদের সঙ্গে চ্যাট করে বাকি দিন কাটিয়ে দেবেন বলে জানান তিনি।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষে পড়েন আরেক ফিলিস্তিনি ছাত্র সাদ জিহাদ। তার বাবা জিহাদ তিতাল ফিলিস্তিন সরকারের স্বাস্থ্যমন্ত্রী।
সাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফিলিস্তিনে থাকার সময় ঈদের দিন বন্ধু-বান্ধব নিয়ে বেড়াতে বের হতাম। পুরো দিন আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে কাটাতাম। আর ঈদের পরের দিন মাকে নিয়ে নানা বাড়ি যেতাম।"
এখন সে সব দিনের স্মৃতি রোমস্থন করে ঈদ কাটে তার।
আন্তর্জাতিক হলের আরেক ছাত্র হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মোদাচ্ছের বাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাংলাদেশে এটি তার প্রথম ঈদ। ঈদের পরই ক্লাশ শুরু হবে। তাই বাড়ি যাওয়া হয়নি। মা-বাবা ভাই-বোন সবার কথা খুব মনে পড়ছে।
কাশ্মীরে থাকলে কুরবানি দিয়ে লং-ড্রাইভে 'লেকে' গিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতেন বলে জানান।
এই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক হলে বর্তমান শ্রীলঙ্কা, নেপাল, ভারত, পাকিস্তান, তুরস্ক, সোমালিয়া, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন প্রভৃতি দেশের ৮০ জনের মতো শিক্ষার্থী রয়েছেন।
তিনি বলেন, "ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের মতো আমরাও কোরবানি দিই। স্বজনদের থেকে বহু দূরে থাকায় এ হলের শিক্ষার্থীদের মাঝে ঈদের দিন কিছুটা আবেগ কাজ করে। হলের পক্ষ থেকে আপ্যায়নের মাধ্যমে আমরা তাদের অনুভূতির সঙ্গী হওয়ার চেষ্টা করি। যদিও তা পুরোপুরি সম্ভব নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24