২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলরবে মুখর শিশুদল

আনন্দের যেন ঢল নেমেছে চিড়িয়াখানাসহ রাজধানীর বিভিন্ন শিশুপার্ক ও উদ্যানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনন্দের যেন ঢল নেমেছে চিড়িয়াখানাসহ রাজধানীর বিভিন্ন শিশুপার্ক ও উদ্যানে। শিশুদের হৈ-হুল্লোড়-দৌঁড়াদৌঁড়ি আর আবদারে বয়স ভুলে যাওয়ার উপক্রম সঙ্গী বাবা-মা ও স্বজনদেরও। "আব্বু আমি আরেকটু বনের রাজা সিংহকে দেখবো, চলো না ওখানে", বাবার হাত টানতে টানতে আবদার করছিলো আট বছরের শিশু পিয়াশ। ছোট ভাই পায়েলের আবদার আরেকবার বাঘ দেখবে সে। ঢাকা চিড়িয়াখানায় ঈদের উপচে পড়া ভিড়ের মধ্যে এমন আবদারে বাবা আলমগীর হোসেন ভেতরে ভেতরে রেগে গেলেও মুখে ঝুলিয়ে রেখেছেন হাসি। সন্তানদের দিকে তাকিয়ে বলেন, "ঠিক আছে। চলো বাঘ-সিংহ দুটোই আবার দেখি।" শুধু আলমগীর হোসেনই নন, ঈদের আনন্দকে আরো বেশি আনন্দময় করতে অনেক বাবা-মা তাদের সন্তানদের নিয়ে এসেছেন চিড়িয়াখানায়। সকালের দিকে ভিড় একটু কম হলেও আস্তে আস্তে তা বাড়তে থাকে। দুপুর নাগাদ পুরো চিড়িয়াখানাই ভরে যায় শিশুসহ নান বয়সী মানুষের পদচারণায়। এরপরও বাড়তে থাকে আনাগোনা। সবমিলে এক উৎসবপুরীতে পরিণত হয় চিড়িয়াখানা। পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে এসেছেন আব্দুস সালাম। সঙ্গে স্ত্রী ও তিন ছেলে-মেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, 'সারা বছর ব্যস্ততার মধ্যে থাকি। ছেলে-মেয়েদের নিয়ে বাইরে খুব একটা বেরুতে পারি না। দুই ঈদে এ সুযোগ আসে। বাঘ-সিংহ নতুন করে দেখার কিছু না হলেও পরিবারের সবাই একসঙ্গে ঘুরতে পারছি সেটাই বড় কথা।" ঈদ উপলক্ষে এবার-ই প্রথম চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রবেশপথের সংখ্যা দুটি থেকে আটটি করলেও প্রত্যেকটিতেই ছিল দীর্ঘ লাইন। ঢাকা চিড়িয়াখানার প্রচার কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দর্শনাথীদের সুবিধার্থে নতুন করে আরো ছয়টি প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এজন্য আনসারের পাশাপাশি র‌্যাব এবং পুলিশ মোতায়েন আছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। ঢাকা চিড়িয়াখানায় সাধারণ সময়ে গড়ে প্রতিদিন ১০ হাজার দর্শনার্থী যায়। তবে ঈদে এ সংখ্যা ৪০-৫০ হাজার ছাড়িয়ে যায়। প্রায় ১৮৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত দেশের প্রধান এ চিড়িয়াখানা। এখানে বর্তমানে প্রায় দেড়শ প্রজাতির দু' হাজারের বেশি প্রাণী রয়েছে। শিশু পার্ক: চিড়িয়াখানার মতো শাহাবাগের শিশুপার্কেও ছিল নানা বয়সী শিশুর ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার বিরক্তি ভুলে বিভিন্ন রাইডে চড়ে খুশিতে মাতোয়ারা তারা। নাগরদোলায় ওঠার লাইনে দাঁড়িয়ে আমিনবাজার থেকে আসা শিশু অন্তর বলে, "খুব ভাল লাগছে। এখানে (শিশুপার্কে) যতো খেলনা আছে সবগুলোতেই চড়বো।" জীবনের প্রথম শিশুপার্কে এসেছে তৃতীয় শ্রেণীর ছাত্রী প্রমা। কেমন লাগছে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রমা বলে, "এখানে এতো সুন্দর সুন্দর খেলনা আছে জানতাম না। বাড়ি যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এখানেই থেকে যাই।" অন্যান্য স্থান: শনিবার চিড়িয়াখানা ও শিশুপার্কের মতো ভিড় ছিল মিরপুর জাতীয় উদ্যান (বোটানিক্যাল গার্ডেন), রমনা পার্ক, সোহরাওয়ার্দি উদ্যান আর ঢাকা বিশ্বদ্যিালয় ক্যাম্পাসেও। এসব স্থানে তরুণ-তরুণীর সংখ্যা বেশি হলেও মধ্য বয়সীরাও ছিল চোখে পড়ার মতো। গুলশানের ওয়ান্ডার ল্যান্ড, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম আর নন্দন পার্কেও ছিলো অনেক ভিড়। রং-বেরংয়ের পোশাক পরে বেড়াতে বেরুনো এসব মানুষের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১৭১০ ঘ.