ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ যানজটে ঈদে বাড়িমুখো মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। বাসের অপেক্ষায় রাজধানীর টার্মিনালগুলোতে এখনো আছে হাজার হাজার মানুষ।
ঈদের ছুটি শুরু হওয়ার একদিন আগে বৃহস্পতিবার থেকেই ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলমুখী সড়কগুলোতে দেখা দেয় যানজট।
মহাসড়কে গাড়ি আটকে থাকায় বাসগুলো নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ফলে যাত্রীদের অপেক্ষার পালা হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর।
কুমিল্লাগামী যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সহ সম্পাদক এহেছান লেনিন সকাল ৫টায় সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েও কোনো বাসে উঠতে পারেননি।
"গতকালও দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ফিরে যেতে হয়। আজও ভোর থেকে অপেক্ষায় আছি। কিন্তু কোনো বাস নেই। দেখি কী করা যায়', বেলা ১২টার সময় বলেন তিনি।
সায়েদাবাদে লেনিনের মতো দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার যাত্রী। বাস না থাকার বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকরা বলেন, মহাসড়কে তীব্র যানজটের কারণে বাসগুলো আসতে অনেক দেরি হচ্ছে।
সুলতানা নামে এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ করতে এবারই প্রথম শ্বশুরবাড়িতে যেতে চাচ্ছিলাম।" বাস না পেয়ে দুপুরে পুনরায় বাসায় ফিরতে দেখা গেছে তাকে।
দীর্ঘ বিরতির পর যে কয়েকটি বাস আসছে, নারী ও শিশুদের পক্ষে তাতে চড়া অসম্ভব ব্যাপার। বাসের ছাদে উঠেও অনেকে চলছেন। আর বাসগুলো দুই থেকে তিনগুণ বেশি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ করেন যাত্রীরা।
চট্টগ্রামের যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মইনুল হক চৌধুরী বৃহস্পতিবার রাত ১১টায় ফকিরাপুল থেকে বাসে চড়েন। সাড়ে ১১টায় সায়েদাবাদ থেকে বাস ছাড়ে। কিন্তু শুক্রবার দুপুর ১২টায় তিনি মাত্র কুমিল্লার দাউদকান্দি পার হয়েছেন।
স্বাভাবিক সময়ে দাউদকান্দি পার হতে ১ থেকে দেড় ঘণ্টা লাগলেও যানজটে তা ১৩ ঘণ্টা দীর্ঘ হয়েছে।
নগরীর গাবতলী বাস টার্মিনালের চিত্রও একই। গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ব্যাপক যানজট রয়েছে। একই অবস্থা টাঙ্গাইলের দিকেও। যানজট নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর ভূমিকা নেই বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।
দুপুর দেড়টার দিকে নীলফামারীগামী যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মহসীনুল করিমের বাসটি জটে আটকা ছিলো নবীনগর-টাঙ্গাইল সড়কের ডিইপিজেড এলাকায়।
গাবতলী থেকে তার বাস ছেড়েছে রাত ৩টায়। মহসীনুল বলেন, "টিকিট ছিলো রাত ১০টার, বাস ছেড়েছে ৩টায়। ১০ ঘণ্টায়ও ঢাকা পার হতে পারিনি, কখন পৌঁছাবো বুঝতে পারছি না।"
বগুড়াগামী যাত্রীবাহী একটি বাসের চালক শাকিল মিয়া বৃহস্পতিবার রাতে রওনা হওয়ার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থাকতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বগুড়া পৌঁছাতে কাল (শুক্রবার) সকাল হয়ে যাবে।"
তবে নবীনগর থেকে আরিচার দিকে খুব একটা যানজট না থাকলেও পাটুরিয়া ঘাটে জট লেগেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সহ সম্পাদক আবু নোমান সজীব সন্ধ্যায় পাটুরিয়া ঘাট থেকে জানান, ঘাট থেকে গাড়ি লাইন পাঁচ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে।
পারাপারের অপেক্ষায় কয়েক হাজার গাড়ি রয়েছে বলে তার চোখে ধরা পড়েছে।
পুলিশ, বাস শ্রমিকরা জানায়, বিভিন্ন স্থানে মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসায় যানজট দেখা দিচ্ছে। পাশাপাশি মহাসড়ক লাগোয়া বিভিন্ন হাট-বাজারে ঈদের আগের ভিড়ও জট বাড়িয়ে তুলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএমএ/এমআই/২০০০ ঘ.
bdnews24