২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা থেকে পলিথিন অপসারণ ঈদের পর

দূষণ ঠেকাতে ও নাব্যতা বাড়াতে ঈদের পর বুড়িগঙ্গা নদী থেকে পলিথিন অপসারণের কাজ শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূষণ ঠেকাতে ও নাব্যতা বাড়াতে ঈদের পর বুড়িগঙ্গা নদী থেকে পলিথিন অপসারণের কাজ শুরু হচ্ছে। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী বলেন, "প্রাথমিকভাবে কামরাঙ্গীরচর থেকে পাগলা পর্যন্ত নদীর দশ কিলোমিটার এলাকার পলিথিন ও আবর্জনা তোলা হবে। নদী খননের জন্য এই মুহূর্তে সরকারের সামনে তেমন কোনো সমস্যা নেই। তবে নদীর পানি এত দ্রুত শুকিয়ে যাচ্ছে যে সরকার খননের সুযোগও পাচ্ছে না।" তবে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে সরকার দ্রুত খননের মাধ্যমে নদীপথের নাব্যতা ধরে রাখার চেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন। গত বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক বৈঠকে বুড়িগঙ্গার বুক থেকে পলিথিন তোলার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে শাজাহান খান বলেন, "এ কাজের জন্য একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। ঈদের পর দ্রুত এ কাজ শুরু হবে। এর ফলে বুড়িগঙ্গার দূষণ বন্ধের পাশাপাশি এর নাব্যতাও বাড়বে।" রাজধানীর যানজট নিরসন প্রসঙ্গে মন্ত্রী জানান, ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ-পথ চালুর প্রস্তুতি চলছে। তিনি বলেন, "বিভিন্ন স্থানে নদীপথ খননের কাজ চলছে। কিন্তু নদীপথগুলো দ্রুত চলাচলের উপযোগী হলেও সরকারের কাছে বর্তমানে একটিমাত্র সচল ওয়াটার বাস রয়েছে। আরো কিছু ওয়াটার বাস তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। আগামী ছয় মাসের মধ্যেই এর কাজ শেষ হবে।" নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর দুর্নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, "একেবারে দুর্নীতিমুক্ত করতে পেরেছি তা বলবো না। তবে দুর্নীতিমুক্ত করার চেষ্টা চালাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২২২২ ঘ.