২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম উপগ্রহ উঠবে, খরচ কমছে ইন্টারনেটের

মহাকাশে নিজস্ব কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করবে বাংলাদেশ। এছাড়া ইন্টারনেট সহজলভ্য করতে ব্রডব্যান্ড সংযোগ ও ব্যবহারের খরচও কমানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাকাশে নিজস্ব কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করবে বাংলাদেশ। এছাড়া ইন্টারনেট সহজলভ্য করতে ব্রডব্যান্ড সংযোগ ও ব্যবহারের খরচও কমানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বাণিজ্যিক উদ্দেশ্যে নিজস্ব স্যাটেলাইট স্থাপনের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। এর কারিগরি দিক নিয়ে জার্মানি, চীনসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করেছি আমরা।" "তাহলে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেদের জিনিস নিজেরাই ব্যবহার করতে পারবো", বলেন তিনি। টেলিযোগাযোগমন্ত্রী জানান, দেশে ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে আগামী মাস থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটের রেট এক হাজার থেকে কমিয়ে আটশ' টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া লিজ লাইন সংযোগ ফি ১২ হাজার ২'শ থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। ২ গিগা বাইট পর্যন্ত ব্রডব্যান্ড সার্ভিসের মাসিক ফি ধার্য করা হয়েছে ৩'শ টাকা। পরে এ ফি আরো কমানো হবে বলেও জানান মন্ত্রী। আগামী তিন মাসের জন্য দেশের সব উপজেলা ও গ্রোথ সেন্টারে বিনা টাকায় টেলিফোন সংযোগ দেওয়ারও ঘোষণা দেন মন্ত্রী। আগামী ১৫ ফেব্র"য়ারী পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে বলে জানান তিনি। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের জন্য রাজধানী ছাড়া সব জেলায় বিনামূল্যে টেলিফোন সংযোগ দেয় সরকার। রাজিউদ্দিন আহমেদ বলেন, "বিনা টাকায় সংযোগ দেওয়ার ফলে ল্যান্ড টেলিফোন সংযোগের সংখ্যা সাড়ে আট লাখ থেকে বেড়ে সাড়ে ৯ লাখ ছাড়িয়ে গেছে। ২০১২ সালের মধ্যে এক কোটি টেলিফোন সংযোগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।" তিনি বলেন, প্রবাসীদের কথা বিবেচনা করে সরকার আর্ন্তজাতিক কল রেট ৪ মার্কিন সেন্ট থেকে কমিয়ে ৩ সেন্ট করেছে। সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ খাতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আগামী এক বছরের মধ্যে বিটিসিএল এবং ২ বছরের মধ্যে টেলিটক শেয়ার বাজারে আসবে।" তিনি বলেন, "বাংলাদেশের টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন্য থ্রাস্ট সেক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এ খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৬৪৬ ঘ.