ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরো ১৭৫টি মামলা প্রত্যাহার করছে সরকার।
বৃহস্পতিবার এ সংক্রান্ত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। মামলাগুলোর অধিকাংশই আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা, বিএনপির কারো মামলা এতে নেই।
'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি' এ নিয়ে ১ হাজার ৩৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে ১৬৪টি; বাকিগুলো দণ্ডবিধি ও অন্যান্য ধারার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির দশম বৈঠকের পর কমিটির আহ্বায়ক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবারের সভায় মোট ৬৭৫টি মামলা উপস্থাপিত হয়। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের ২৪টি এবং দণ্ডবিধির ৬৫১টি।
কমিশনের মামলার মধ্যে ১৬টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। একটি মামলা প্রত্যাহার না করার সুপারিশ করা হয় এবং সাতটি পরবর্তী বৈঠকে পর্যালোচনার জন্য রাখা হয়েছে।
দণ্ডবিধির মামলার মধ্যে ১৫৯টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আর ২৯টি মামলা না মঞ্জুর এবং ৪৬৩টি মামলা পরবর্তী বৈঠক উপস্থাপন করতে বলা হয়েছে।
প্রত্যাহারের সুপারিশ করা কমিশনের মামলার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নয়টি, জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমিন হাওলাদারের একটি, প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের একটি মামলা রয়েছে।
দণ্ডবিধির মামলার মধ্যে সাংসদ কামাল আহমেদ মজুমদারের একটি, ইলিয়াস মোল্লার একটি, সাবেক সাংসদ হাজী সেলিমের দুটি, প্রশিকার কাজী ফারুকের একটি মামলা রয়েছে।
সভায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের কোনো নেতার মামলা উপস্থাপিত হয় হয়নি বলে কামরুল জানান।
এ কমিটি এ পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের একটি করে মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
"আগামীতে বিএনপি-জামায়াত জোটের কোনো নেতার মামলার আবেদন এলে প্রত্যাহারযোগ্য বিবেচিত হলে সে সুপারিশ করব", বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, মামলা প্রত্যাহারে সব আবেদন পর্যালোচনা করে কমিটির কার্যক্রম সম্পন্ন হতে আরো দুই মাস সময় লাগতে পারে।
সংবাদের প্রতিক্রিয়া
আইন প্রতিমন্ত্রী তার বাড়িতে এক মামলার আসামির সঙ্গে বৈঠক নিয়ে দৈনিক যুগান্তরে বুধবার প্রকাশিত প্রতিবেদনের বক্তব্য সত্য নয় বলে দাবি করেছেন।
যুগান্তরের ওই প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে যশোরের একটি মামলা প্রত্যাহারের সুপারিশের সিদ্ধান্ত হয় এবং পরে তা স্থগিত করা হয়। এ বিষয়ে মীমাংসার জন্য আইন প্রতিমন্ত্রীর বাড়িতে বাদি-বিবাদিকে নিয়ে বৈঠক হয়।
এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, "একজন ব্যক্তির মামলা প্রত্যাহারের বিষয়ে কমিটি আলোচনা করেছে। তার (আসামি) বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য কিনা তা যাচাই করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫২০ ঘ.
bdnews24