২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাটর্নি জেনারেলকে হত্যার চিঠি: শিক্ষক গ্রেপ্তার

অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বগুড়ার এক কলেজ শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 07:53 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

রাজশাহী, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বগুড়ার এক কলেজ শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। রেজাউল করিম নামে ওই শিক্ষক বগুড়ার আযিযুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। বুধবার তাকে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের দিন ১৯ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে ওই চিঠি আসে। চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ১৭ নভেম্বর রাজশাহী থেকে চিঠিটি ডাকযোগে পাঠানো হয় বলে ডিবি পুলিশ জানিয়েছে। সহকারী কমিশনার (এসিডিবি) মাহফুজুর রহমান বলেন, গত ১৭ নভেম্বর রাজশাহী থেকে 'জামিয়া ইসলামিয়া আল হোলহুলিয়া বাংলাদেশ'এর সামরিক প্রধান হিসেবে অ্যাডভোকেট জার্জিস আহমেদের নাম দিয়ে অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়ে চিঠিটি পাঠানো হয়েছিল। অধ্যাপক রেজাউল ড. আসাদুল্লাহ আল গালিবের সংগঠন 'আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ছিলেন। তবে পরে তিনি ওই পদ থেকে ইস্তফা দিয়ে সংগঠন থেকে বেরিয়ে আসেন। গালিবের আইনজীবীর নামও অ্যাডভোকেট জার্জিস। সহকারী কমিশনার মাহফুজুর রহমান জানান, আসাদুল্লাহ গালিবকে ফাঁসানোর জন্য এ চিঠি পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রেজাউলের স্ত্রী আঞ্জুয়ারার অভিযোগ, ড. গালিবের যোগসাজসে এর আগে রেজাউল করিমকে পুলিশ 'পরিকল্পিতভাবে ফাঁসানোর চক্রান্ত' করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/এসকে/২৩৫৫ঘ.