মানিকগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়ার কামতা নামক স্থানে এক সেনা সদস্য সোমবার রাতে গাড়ির চাপায় মারা গেছেন।
নিহত সেনা সদস্য হলেন- ফজলুল হক (৩৫)। তিনি কুমিল্লা সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।
ফজলুল হক সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে।
সাটুরিয়া থানার ওসি মো. মাজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনা সদস্য ফজলুল হক ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। সোমবার রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ডে পৌঁছার পর কোনো যানবাহন না পেয়ে হেঁটেই বাড়ির দিকে রওনা হন।
গোলড়া সাটুরিয়া সড়কের কামতা নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে কোন ধরনের গাড়ি তাকে চাপা দিয়েছে সেটা বলতে পারেননি ওসি।
তিনি জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ফজলুর লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২১ ঘ.
bdnews24