২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

বকেয়া দাবিতে সীতাকুণ্ডে এক কারখানার শ্রমিকদের অবরোধের কারণে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া দাবিতে সীতাকুণ্ডে এক কারখানার শ্রমিকদের অবরোধের কারণে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শীতলপুর এলাকার কাশেম জুট মিলের দুই সহস্রাধিক শ্রমিক সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে বলে পুলিশ জানায়। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের আগে গাড়ি চলাচল স্বাভাবিকভাবেই বেশি। এরই মধ্যে এক ঘণ্টা চলাচল বন্ধ থাকায় কয়েক হাজার গাড়ি আটকা পড়ে বলে সীতাকুণ্ড থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। শ্রমিকরা কারখানা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে। তাই ঈদের আগেই পাওনা পরিশোধের দাবি জানায়। মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সার্জেন্ট আমির ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাওনা পরিশোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা রাস্তা ছাড়ে। এক সময়ের রাষ্ট্রায়াত্ত কাশেম জুট মিল এখন বেসরকারি মালিকানায় চলছে। শ্রমিকরা পুলিশকে জানিয়েছে, তাদের এক বছরের বেতনভাতা বকেয়া রয়েছে। পাওনা আদায়ে তারা অবরোধের কর্মসূচি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪০০ ঘ.