যশোর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে যশোরে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তার ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামসুর রহমান রোববার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের সিরাজ কাজীর ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সিরাজ কাজী, তার আত্মীয় রবিউল ইসলাম ও ইদ্রিস আলীকে বেকসুর খালাস দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের চায়না খাতুনের সঙ্গে ইসমাইল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইসমাইল স্ত্রীর বাবার পরিবারের কাছ থেকে বারবার টাকা নিয়ে যেত।
এক পর্যায়ে আর টাকা দিতে রাজি না হলে ২০০৪ সালের ২৫ ডিসেম্বর রাতে ইসমাইল ও তার বাড়ির লোকজন চায়নাকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় চায়না খাতুনের ভাই মানজার আলী বাদী হয়ে ইসমাইল হোসেন, তার বাবা সিরাজ কাজী, আত্মীয় রবিউল ইসলাম ও ইদ্রিস আলীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক গোলাম রসুল চারজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০২ ঘ.
bdnews24