ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সাধারণ সভায় এ আহ্বান জানানো হয়।
সমিতির সভাপতি এ এফ এম মেসবাহউদ্দিনের সভাপতিতে সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, সুবিধাভোগী এবং খুনিদের পৃষ্ঠপোষকতাকারীদের সম্পর্কে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়েছে।
সভার সিদ্ধান্তে বলা হয়, বঙ্গবন্ধু মামলার ঐতিহাসিক রায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। ভবিষ্যতেও বিচার বিভাগ সাহসী ও দৃঢ় ভূমিকা পালন করলে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখা সহজ হবে। ভবিষ্যতে কেউ যেন এরকম হত্যাকাণ্ডের মাধ্যমে বেআইনিভাবে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে সেজন্য সব মহলকে কার্যকর ভূমিকা রাখতে সমিতি আহ্বান জানাচ্ছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সমিতির সম্পাদক শ ম রেজাউল করিম, সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট আনিসুল হক ও ইউসুফ হোসেন হুমায়ুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/১৯২৭ ঘ.
bdnews24