ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের নাসিরপুর বাজারে রোববার দুপুরে আগুনে অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে।
নাসিরপুর বাজারের ব্যবসায়ী সুজিত কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টায় বাজারের একটি লোহার গ্রিলসহ বিভিন্ন সরঞ্জাম তৈরির দোকান থেকে আগুনের সূত্রপাত। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে বাজারের মুদি, প্রসাধনসামগ্রী, স্টেশনারি ও বেকারি দোকানসহ অন্তত ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক জানান, স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২৬ ঘ.
bdnews24