২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুলিশের ভাবমূর্তি রক্ষায় ফের সিগন্যাল বাতি'

পুলিশের ভাবমূর্তি রক্ষায় আবারো সিগন্যাল বাতির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ভাবমূর্তি রক্ষায় আবারো সিগন্যাল বাতির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। রোববার বিভিন্ন সড়কে সিগন্যাল পরিদর্শন শেষে রাজধানীর হোটেল শেরাটন এলাকায় পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের এ কথা বলেন। শনিবার রাজধানীর ট্রাফিক পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সিগন্যাল বাতি চালুর সিদ্ধান্ত দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত রাজধানীতে পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সিগনাল বাতি পদ্ধতি আবার চালুর বিষয়ে চাইতে চাইলে শহীদুল বলেন, "সিগন্যাল বাতি রয়েছে। আবার ট্রাফিক পুলিশের হাতও চলছে। এ বিষয়টির সমালোচনা করেন অনেক সুধীজন। অনেকে বিষয়টি খারাপ দৃষ্টিতে দেখেন। মানুষ সমালোচনা করে। "এর ফলে পুলিশের ইমেজ খারাপ হয়ে যায়। পুলিশের ইমেজ আমি খারাপ হতে দিতে পারি না। এ কারণেই এখন শুধু ইলেকট্রনিক সিগন্যাল পদ্ধতি চলবে। তাছাড়া চালকদেরও শৃঙ্খলার মধ্যে আনা উচিত।" একাধিকবার ইলেকট্রনিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরও তা ব্যর্থ হওয়ার বিষয়ে তিনি বলেন, পিক আওয়ারে বিশেষ করে সকালে অফিস যাওয়ার সময় ও বিকেলে অফিস থেকে ফেরার পথে একদিকে যানবাহনের চাপ বেশি থাকে। একদিকের এ চাপ কমাতে সিগন্যাল বাতি অমান্য করেই ট্রাফিক পুলিশকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়েছিল। পুলিশ কর্মকর্তা বলেন, পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতি চালুর প্রথম দিন রোববার অফিস সময়ে কোনো কোনো সড়কে গাড়ির লম্বা লাইন তৈরি হয়। তবে কিছু সময়ের মধ্যেই তা কেটে যায়। প্রাথমিক পর্যায়ে এরকম হবে বলেও মন্তব্য করেন তিনি। নতুন করে সিগন্যাল বাতি চালুর হলে সিগন্যাল অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা থাকবে। অমান্যকারী চালককে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে তিন মাসের জন্য তার লাইসেন্সটি স্থগিত থাকবে। আর যদি পরীক্ষামূলক এ ব্যবস্থা ব্যর্থ হয়, তবে কারণ খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/এমএসবি/১৬১৮ ঘ.