ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার এলাকার ওয়ারলেস রেলগেট সংলগ্ন একটি বস্তিতে রোববার ভোরে আগুনে কমপক্ষে আটশ ঘর পুড়ে গেছে।
আগুনের সময় হুড়োহুড়িতে চলন্ত ট্রেনের ধাক্কায় এক জন নিহত ও চারজন আহত হয়।
দমকল বিভাগের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর পৌনে পাঁচটার দিকে রেলগেট বস্তিতে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। দমকল বিভাগের ১৯টি গাড়ি সকাল ৯টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।"
তিনি জানান, আগুনে ৮০০ ঘর ও একটি গ্যারেজ পুড়ে গেছে।
আগুন নেভানোর সময় হুড়াহুড়িতে একটি এক্সপ্রেস ট্রেন আলেয়া বেগম (৩২) কে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে নাজমা আক্তার জানান।
দমকল বিভাগের মহাপরিচালক আবু নাইম মো. শহিদুল্লাহ বলেন, "বস্তির ঘরগুলো কাঠ দিয়ে তৈরি এবং ঘন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আমরা সাড়ে চার ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।"
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/জিএনএ/১৪৪৫ ঘ.
bdnews24