২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারকদের 'ক্রসফায়ারে' দেওয়া উচিত: হজ কর্মকর্তা

হজযাত্রীদের নিয়ে যারা প্রতারণা করেছে তাদেরকে 'ক্রসফায়ারে' দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন হজ অফিসার বজলুল হক বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 07:25 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রীদের নিয়ে যারা প্রতারণা করেছে তাদেরকে 'ক্রসফায়ারে' দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন হজ অফিসার বজলুল হক বিশ্বাস। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আল্লাহর মেহমানদের নিয়ে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।" হজযাত্রীদের কাছ থেকে অর্থ নেওয়ার পর 'আল-মোবারাকাত ট্রাভেল এজেন্সি' নামের প্রতিষ্ঠান গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে করে ৬২ জন হজযাত্রীর সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। শনিবার সরকার, হজযাত্রী এবং অন্যদের অর্থায়নে এ সমস্যার সমাধান করা হয়েছে। এদিকে ২১ নভেম্বর হজ ফ্লাইট শেষ হওয়ার কথা থাকলেও তা সোমবার শেষ হচ্ছে। হজ অফিসার বলেন, "এ এজেন্সির বিরুদ্ধে ফৌজদারি মামলা ও এভিয়েশন লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এজেন্সির মালিক দেলোয়ার হোসাইনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব-পুলিশও তাদের খুঁজছে।" বজলুল হক বিশ্বাস জানান, শনিবার তার সৌদি আরবে যাওয়ার কথা থাকলেও তিনি রোববার যাচ্ছেন। গত ২১ অক্টোবর থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। আর ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। ধর্ম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এবছর সরকারি ব্যবস্থাপনায় ৮২১৬ জন এবং ২৫০টি এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ৪১৯ জন হজযাত্রী রয়েছে। ২১ নভেম্বর পর্যন্ত ৫৪ হাজার ১৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ২০ জন মারা গেছেন। বজলুল হক বিশ্বাস জানিয়েছেন, সৌদি আরবে ৫৮ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৩১২ ঘ.