২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পাট কারখানায় ভয়াবহ আগুন

ফরিদপুরের কানাইপুর উপজেলায় শনিবার রাতে একটি পাট কারখানায় ভয়াবহ আগুনে কমপক্ষে দুজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

রাজশাহী, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ফরিদপুরের কানাইপুর উপজেলায় শনিবার রাতে একটি পাট কারখানায় ভয়াবহ আগুনে কমপক্ষে দুজন আহত হয়েছে। কানাইপুর বিসিক শিল্প নগরীর সাঈদ জুট স্পিনিং মিলে রাত পৌনে নয়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফরিদপুর, মাগুরা ও রাজবাড়ী দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নেভাতে যায়। ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর পরিদর্শক রফিকুজ্জামান রাত পৌনে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানা ভবনের আগুন নেভানো সম্ভব হলেও তেল ট্যাংকের আশেপাশে আগুন এখনো জ্বলছে।" কারখানার ব্যবস্থাপক কাজী হাবীবুর রহমান জানান, একটি যন্ত্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে তিন কোটি টাকা বলে তিনি দাবি করেন। ব্যবস্থাপক জানান, নয় হাজার লিটার তেল এবং গুদামে থাকা ১২ হাজার মণ পাট পুড়ে গেছে। এছাড়া নয়টি মেশিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দমকল কর্মকর্তা রফিকুজ্জামান বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। আগুন নেভাতে গিয়ে কারখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা আখতার হোসেন (৫০) এবং প্রকৌশলী বেলাল হোসেন (৩০) আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওহাব ভূঁইয়া ঘটনাস্থলে থেকে আগুন নেভানোর কাজ তদারক করেন। পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/০০২১ঘ.