সুনামগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতারণার অভিযোগে সুনামগঞ্জে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নতুনপাড়ায় সংস্থার কার্যালয় থেকে নির্বাহী পরিচালক রেবা আক্তারকে আটক করা হয়।
সঞ্চয় নিয়ে ঋণ দেওয়ার কথা বলে দরিদ্র মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে দুপুরে দুই শতাধিক নারী 'আস্থা' নামের এনজিওটির কার্যালয় ঘেরাও করে।
সংস্থার এই সদস্যরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার দাবিতে সংস্থার নির্বাহী পরিচালককে ঘেরাও করে রাখেন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্বম্ভরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঈন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্যালয় ঘেরাওয়ের পর বিকেলে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা আসবাবপত্রসহ কার্যালয় থেকে সরে পড়ার চেষ্টা করেন। এটা জানতে পেরে পুলিশ সংস্থার নির্বাহী পরিচালককে আটক করে।
এসআই মঈন বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে 'আস্থা' দরিদ্র মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে।
সংস্থার সদস্য নতুন বাঘমারা গ্রামের সাহার বেগম জানান, গত বছরের মে মাস থেকে নতুনপাড়ায় সংস্থাটি কার্যালয় খুলে বিভিন্ন গ্রামের দরিদ্র নারীদের নিয়ে সমিতি করে। তার গ্রামের সমিতির নাম দেওয়া হয় হেমন্ত। এর সভাপতি তিনি।
তিনি জানান, এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র নারীদের নিয়ে ৩৯টি সমিতি করা হয়েছে। এসব সমিতির সদস্য সংখ্যা প্রায় আটশ'। প্রত্যেক সদস্যকে তিন হাজার টাকা ঋণ দেওয়া কথা বলে মাথাপিছু ৬২৫ টাকা সঞ্চয় হিসাবে নেওয়া হয়েছে।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গণি আনসারী জানান, তারা ঋণ বিতরণ ও সঞ্চয় নেওয়ার কাগজপত্র দেখতে চাইলে সংস্থার নির্বাহী পরিচালক তা দেখাতে পারেননি। কার্যালয়ে নাকি কোনো কাগজপত্র নেই। কাগজপত্র সমিতিগুলোর সভাপতির কাছে আছে।
আস্থার নির্বাহী পরিচালক রেবা আক্তার সাংবাদিকদের বলেন, "আমরা সঞ্চয় যেমন নিয়েছি তেমনি ঋণও দিয়েছি। যারা ঋণ পায়নি তারাই এই ঘটনা ঘটিয়েছে। টাকা না দিয়ে পালিয়ে যাব না।"
ঋণ কার্যক্রম পরিচালনার অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আগে অনুমোদন ছিল, গত জুন মাসে এর মেয়াদ শেষ হয়ে গেছে।"
বিশ্বম্ভরপুর থানার উপ-পরিদর্শক মইন আহমদ বলেন, আটক রেবা আক্তার থানা হেফাজতে আছেন। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.
bdnews24