২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ট্রেনে ডাকাতি, আহত ১০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একটি লোকাল ট্রেনে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ট্রেনের পরিচালকসহ ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঠাকুরগাঁও, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একটি লোকাল ট্রেনে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ট্রেনের পরিচালকসহ ১০ জন। শুক্রবার রাতে পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী বেসরকারি পরিচালনাধীন যাত্রীবাহী লোকাল ট্রেনে এই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ট্রেনের পরিচালক মো. সোয়েব সাংবাদিকদের জানান, ট্রেনটি ঠাকুরগাঁও সদর উপজেলার ভোমরাদহ রেলস্টেশন পার হয়ে পীরগঞ্জ উপজেলার জামালপুর ইক্ষু খামার (ভাতারমারী ফার্ম) অতিক্রম করার সময় মুখে কাপড় বাধা যাত্রীবেশী ১০/১২ জন ডাকাত তার বগিতে হানা দেয়। ডাকাতরা রিভলবার ও ধারালো অস্ত্র ঠেকিয়ে তার ও যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে যায়। পরে ডাকাতেরা ধীর গতিতে চলতে থাকা ট্রেন থেকে নেমে যায়। তিনি জানান, ট্রেনটি পীরগঞ্জ পৌঁছালে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। কিছুক্ষণ পর ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের পরিচালক দাবি করেন, তার কাছে রক্ষিত ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের কয়েকজন ব্যবসায়ীর ৫২ হাজার টাকা ডাকাতেরা নিয়ে গেছে। প্রতিদিন কয়েকজন ব্যবসায়ী তার মাধ্যমে পার্বতীপুরে টাকা পাঠান। পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ সরকার জানান, দিনাজপুর রেলওয়ে থানায় (জিআরপি) মামলা হয়েছে। তিনি বলেন, ট্রেনের টিকিট বিক্রির টাকা লুট করাই ডাকাতদের উদ্দেশ্য ছিল বলে তার ধারণা। কিন্তু এই টাকা অন্য বগিতে থাকা ট্রেন পরিচালনা কর্তৃপক্ষের এজেন্টের কাছে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৪ ঘ.