ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সময় সিগন্যাল বাতি চালু থাকলেও এখন পুলিশের হাতের ইশারাতেই চলছে রাজধানীর যান নিয়ন্ত্রণ। তবে আবার সিগন্যাল বাতিতে ফিরছে ঢাকা মহানগর পুলিশ।
তাই রাজধানীর অর্ধশতাধিক পয়েন্টে পরীক্ষামূলকভাবে বাতিগুলো আবার সচল করা হচ্ছে। রোববার থেকে হাতের ইশারায় নয়, গাড়ি চালাতে হবে বাতির রঙ দেখে।
আর চালকরা যেন বাতির নির্দেশ মেনে চলেন সেজন্য চলবে বিশেষ প্রচার।
এছাড়া গাড়ি চলাচলে শৃঙ্খলা রাখতে ডিসেম্বর থেকে চালু করা হচ্ছে লেন পদ্ধতি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার শ্যামল মুখার্জী জানান, ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সিগন্যাল বাতির মাধ্যমে যান নিয়ন্ত্রণে সফলতার মুখ দেখলে এ প্রক্রিয়া চলবে।
সিগন্যাল অমান্য করলে শাস্তির ব্যবস্থাও থাকছে। অমান্যকারী চালককে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে তিন মাসের জন্য তার লাইসেন্সটি স্থগিত থাকবে।
আর যদি পরীক্ষামূলক এ ব্যবস্থা ব্যর্থ হয়, তবে কারণ খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে শ্যামল জানান।
তিনি জানান, ঢাকা শহরে বর্তমানে ৫৯টি পয়েন্টে সিগন্যাল বাতি রয়েছে। এর মধ্যে ৯/১০টি অকেজো। সেগুলোসহ যেখানে সিগন্যাল বাতি নেই, সেখানে হাতের ইশারায়ই গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
শনিবার রাজধানীর ট্রাফিক পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সিগন্যাল বাতি পুনরায় চালুর সিদ্ধান্ত দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।
এর আগে গত ১৮ নভেম্বর নগরীর যানজট নিরসন ও গাড়ি চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা।
লেন পদ্ধতি
ঢাকার বড় কয়েকটি রাস্তায় তিনটি লেন করা হবে। সিটি কর্পোরেশন রং দিয়ে লেন চিহ্নিত করবে।
পুলিশ কর্মকর্তারা জানান, ডান পাশের প্রথম লেনে কার, মাইক্রোবাস, জিপ ও ভিআইপিদের গাড়ি চলবে। মাঝখানের দ্বিতীয় লেন ধরে চলবে বাস, ট্রাক ও কভার্ড ভ্যান। আর বাম পাশের তৃতীয় লেনে চলবে অটো রিকশা, হিউম্যান হলার টেম্পু ইত্যাদি।
আগামী ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষামূলকভাবে লেন ব্যাবহার।
লেন অমান্যকারীদের বিরুদ্ধেও শাস্তির বিধান থাকবে বলে সহকারী কমিশনার শ্যামল মুখার্জী জানান।
পরীক্ষামূলক সময় পার হওয়ার পর ৮ ডিসেম্বর থেকে লেন অমান্যকারীদের ১ হাজার টাকা করে জরিমানা ও চালক লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হবে।
লেন অমান্যকারীদের চিহ্নিত করার জন্য প্রাথমিকভাবে ১২টি ক্রসিং এ মনিটরিং টিম থাকবে। এগুলো হলো- হোটেল শেরাটন ক্রসিং, সোনারগাঁ ক্রসিং, বিজয় সরণী ক্রসিং, ফার্মগেট, কাকরাইল, প্রগতি সরণী, এয়ারপোর্ট গোলচক্কর, হাউজ বিল্ডিং, সায়েন্স ল্যাবরেটরি ক্রসিং, রাসেল স্কয়ার, আসাদ গেইট ও মিরপুর টেকনিক্যাল ক্রসিং।
কর্মকর্তারা বলছেন, লেন পদ্ধতি চালু করলে ব্যস্ত সড়কগুলোতে ভিআইপিদের (মন্ত্রী পর্যায় পর্যন্ত) চলাচলের সময় পুরো রাস্তা আর বন্ধ করতে হবে না। তবে ভিভিআইপিদের (প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি) চলাচলের সময় এ নিয়মের ব্যত্যয় ঘটবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24