নাটোর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেছে স্থানীয় যুবলীগ কর্মীরা।
যুবলীগের এক নেতাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি না করায় সংগঠনের কর্মীরা শনিবার প্রধান শিক্ষক সাইফুল ইসলামের (৪০) ওপর চড়াও হয়।
তারা আহত শিক্ষককে হাসপাতালে নিয়ে আসতেও বাধা দেয়।
বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে সাইফুল ইসলাম বিদ্যালয়ে আসার পথে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে।
এদের মধ্যে থানা যুবলীগের সদস্য মিজানুর রহমান তাকে এক সপ্তাহের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করার দাবি জানান। এই দাবি পূরণ করতে অপারগতা জানালে মিজানুর রহমানের নেতৃত্বে যুবকরা প্রধান শিক্ষককে বেধড়ক পেটায়।
তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু যুবলীগ কর্মীরা তাকে বহনকারী গাড়ির (স্থানীয় ইঞ্জিতচালিত যান) দুপাশ থেকে এলোপাথাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে।
এতে সাইফুলের ভাইয়ের স্ত্রী আফরোজাও আহত হন। পরে স্থানীয় এক সাংবাদিক তাদের উদ্ধার করে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বেশ কিছুদিন ধরেই স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ তাদের পছন্দের ব্যক্তিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করার জন্য আমাকে চাপ দিয়ে আসছিলেন।"
তিনি বলেন, সভাপতি হিসেবে একজনের নাম তিনি শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। এ অবস্থায় মিজানুর রহমান তার কাগজপত্র বোর্ডে পাঠাতে বলেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে মিজান ও তার লোকজন।
অভিযুক্ত মিজানুর রহমান বলেন, "এলাকার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ শেফালী মমতাজ আমাকে ওই স্কুলের সভাপতি মনোনীত করে চিঠি দিয়েছেন। আমি প্রধান শিক্ষককে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বললেও তিনি তাতে গড়িমসি করছেন।"
তিনি দাবি করেন, এ নিয়ে যুবলীগ কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। দুপুরে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তিনি (প্রধান শিক্ষক) মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে কিছুটা আহত হন। তিনি ঘটনাস্থলে ছিলেন না।
লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বলেন, "মিন্টু আমার সংগঠনের লোক। তবে সে এই ঘটনা ঘটিয়েছে কি না তা আমার জানা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24