ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ২১ নভেম্বর শনিবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হবে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে স্বাধীনতা যুদ্ধে নামে। সেদিন সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির গৌরব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনী ১৯৭১ সালের এই দিনে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ সূচনা করে। ফলে আমাদের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর দেশপ্রেমিক জনতা, মুক্তিবাহিনী, সশস্ত্র বাহিনী ও বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের সূচনা করে। এর ফলশ্র"তিতে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের উপর যথাযথ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বাণীতে বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টেলিভিশন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান ঘাঁটিগুলোতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/০১৩৪ ঘ.
bdnews24