২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পৃথক ঘটনায় চার খুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকায় একাধিক ঘটনায় এক শিশুসহ খুন চারজন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

সাভার, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকায় একাধিক ঘটনায় এক শিশুসহ খুন চারজন হয়েছেন। শুক্রবার পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- মিজানুর রহমান (৪), পোশাক শ্রমিক রফিকুল ইসলাম (৪০), অজ্ঞাতনামা পুরুষ (৪০) ও লাকি বেগম (২৮)। এ ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে মহিলাসহ ছয়জনকে। এসব ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভারের বাড়ইপাড়া এলাকার মোমিনুর রহমানের ছেলে মিজানুর রহমান গত বুধবার বিকেলে বাসার সামনে খেলা করার সময় অপহৃত হয়। পরদিন প্রতিবেশী লেহাজ উদ্দিনের ছেলে রাসেল (২০) মোবাইল ফোনে মিজানের মা মোর্শেদা বেগমের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মোর্শেদা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানান। পুলিশ বৃহস্পতিবার রাতে রাসেলকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে মোমিনের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির মেঝে খুঁড়ে মিজানের লাশ উদ্ধার করা হয়। ওসি জানান, অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুরে ওই এলাকার মোহসিন (২০) ও মামুন (২২) নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কাইচাবাড়ি এলাকায় খুন হন প্যাডেক্স বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক রফিকুল ইসলাম (৪০)। এ ঘটনায় পুলিশ তার স্ত্রী ফারজানা আক্তার রেবা (২৫), শ্যালিকা মিলি আক্তার (১৮) ও ভায়রা মাজহারুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে। রেবা ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের ঢাকারিয়া বিডি লিমিটেড নামের পোশাক কারখানার, মিলি হোপলোন বিডি লিমিটেড এবং মাজহারুল এনভয় গামের্ন্টসের শ্রমিক। এসআই মুরাদ জানান, পারিবারিক কলহের জের ধরে রফিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন, রফিক কীভাবে খুন হয়েছে সেটা তারা জানেন না। তিনি জানান, সকালে আশুলিয়ার মরাগাঙ্গ নদীর এলাকা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা একজনের লাশ। তার বয়স আনুমানিক (৪০) বছর। তবে পুলিশ হত্যার কারণ জানাতে পারেনি। এসআই মুরাদ আরো জানান, পলাশবাড়ি এলাকা থেকে লাকী বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে লাকী তার স্বামী জাফর মিয়ার গোপন অঙ্গে আঘাত করেন। জাফর গলা টিপে ধরলে লাকী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত জাফরকে স্থানীয়রা সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৭ ঘ.