২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগসহ কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

গোপালগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগসহ কয়েকটি সংগঠন। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করে দেশব্যাপী আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটক পাঁচ আসামির আপিল খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ । এর ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির ফাঁসির সাজা বহাল রইল। শুক্রবার সকালে আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রথম বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর জ্ঞাতি ভাই ও রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, বিজিএমইএ নেতা মো. নাছির প্রমুখ। এরপর একে একে শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে বিজিএমইএ, ইকবাল হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগ, মো. নুরুল হক মজুমদারের নেতৃত্বে শিল্পব্যাংক বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বাদ আসর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়া। জেলার সব মন্দির, মসজিদ ও গীর্জায় বঙ্গবন্ধুর জন্য বিশেষ প্রার্থনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৮ ঘ.