ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চিকিৎসা ব্যয় কমানোর পাশাপাশি প্রতিমাসে জটিল রোগে আক্রান্ত গরীব ১০জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বেসরকারি হাসপাতালগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটা করার আহবান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি, এ ধরনের সমষ্টিগত উদ্যোগ একটি হাসপাতালের জন্য ব্যয়বহুল কিছু নয়। কিন্তু তা অনেক মানুষের দুর্দশা লাঘবে সাহায্য করবে।"
রাজধানীর সোনারগাঁও হোটেলে ল্যাবএইড হাসপাতাল এ সম্মেলন ও প্রথম 'ঢাকা লাইভ'-এর আয়োজন করে।
ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বাংলাদেশে এই প্রথম বারের মতো চারটি কার্ডিয়াক সার্জারির প্রক্রিয়া হাসপাতালের ক্যাপল্যাব থেকে সরাসরি এখানে উপস্থিত দর্শকদের দেখানো হয়েছে। এরই নাম দেওয়া হয়েছে ঢাকা লাইভ।
চিকিৎসা ব্যয় কমানোর আহ্বান জানিয়ে বেসরকারি হাসপাতালগুলোর মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা যে পরিমাণ চার্জ আদায় করেন, তা আমাদের সাধারণ মানুষের ক্ষমতার বাইরে।"
বেসরকারি ক্লিনিকগুলোর দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, "আমাদের দেশের অনেক বেসরকারি ক্লিনিকে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই, নেই দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর পরিবেশ।
"অপচিকিৎসা ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ প্রায়ই শোনা যায়। তার ওপর বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক ল্যাবরেটরিগুলো থেকে সেবা প্রাপ্তির ব্যয়ও অত্যাধিক বেশি যা সাধারণ মানুষের নাগালের বাইরে।"
তিনি জানান, তার সরকার স্বাস্থ্য ও ওষুধনীতিকে যুগোপযোগী করার পদক্ষেপ নিয়েছে। এছাড়াও প্রতি ছয় হাজার লোকের জন্য একটি মেডিকেল সেন্টার স্থাপন এবং চার হাজার চিকিৎসক নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হৃদরোগীদের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "প্রতি বছর হৃদরোগে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে।
উন্নয়নশীল দেশগুলোতে হৃদরোগ দিন দিন স্বাস্থ্যসেবা খাতে অন্যতম সঙ্কট হিসেবে দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অত্যধিক মানসিক চাপ, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম না করা এ দেশে হৃদরোগীর সংখ্যা বাড়ার কারণ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএইচ/১০১৪ ঘ.
bdnews24