ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার রায়কে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সেইসঙ্গে অবিলম্বে এই রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বৃহস্পতিবার এক বিবৃতিতে আপিল বিভাগের এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। তারা অবিলম্বে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
সেইসঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অবিলম্বে শুরুর জন্য সরকারের প্রতি আহবান জানায় সিপিবি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপিত হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণফোরামের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী পৃথক বিবৃতিতে এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। তারা অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহবায়ক খালেকুজ্জামান রায় বাস্তবায়নের দাবি জানিয়ে গত ৩৮ বছরে সংঘটিত সব রাজনৈতিক হত্যাকান্ডের বিচার দাবি করেন।
ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী এই রায় অবিলম্বে বাস্তবায়নের আহবান জানিয়েছেন।
এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শোকরানা আদায় করে মোনাজাত করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এছাড়াও এই রায়ে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বঙ্গবন্ধূ যুব পরিষদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩২০ ঘ.
bdnews24