বেবী মওদুদ ও সুমন মাহবুব
ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায় হবে- এজন্যই ইতালিতে সফর সংক্ষেপ করে বৃহস্পতিবার সকালেই দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুবাই বিমানবন্দরে দু'ঘন্টা ট্র্যানজিটের সময় প্রধানমন্ত্রী সেখানে নামাজ আদায় করেন। বিমানে এবং পরে প্রায় পুরো দিনটাই দোয়া-দরুদ পড়ে কাটে তার।
প্রধানমন্ত্রীর ইতালি থেকে দেশে ফেরার কথা ছিলো শুক্রবার। সফর সংক্ষিপ্ত করে তিনি বৃহস্পতিবার সকাল নয়টার কিছু পর দেশে এসে পৌছান। নয়টা ২৪ মিনিটে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন যমুনায় গিয়ে পৌঁছান।
যমুনায় পৌঁছে বিমান ভ্রমণের ক্লান্তি উপেক্ষা করে দোতলার লাউঞ্জে টেলিভিশনের সামনে গিয়ে বসেন শেখ হাসিনা। এসময় তার সঙ্গে আওয়ামী লীগ নেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুুরী ও কয়েকজন নিকটাত্মীয় ছিলেন। সকাল সাড়ে দশটা থেকে আওয়ামী লীগের সিনিয়র নেতা, মন্ত্রী, সাংসদ ও দলীয় নেতারা আসতে থাকেন।
যমুনায় এসময় একে একে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ মন্ত্রিপরিষদের সদস্যরা, সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ।
শেখ হাসিনা কারো সঙ্গে খুব একটা কথা বলেননি। তিনি শুধু তসবিহ্ হাতে দোয়া পড়ে যাচ্ছিলেন। বেলা বারোটায় কিছু পর টেলিফোনে প্রধানমন্ত্রী মামলার রায় জানতে পারেন। এসময় তিনি শুধু বলেন, "আমরা ন্যায়বিচার পেয়েছি।"
টেলিভিশনে এই মামলার রায় ঘোষণার পর বিভিন্ন সংবাদ দেখছিলেন প্রধানমন্ত্রী। সব সময়ই তার চোখ ছিলো অশ্র"সিক্ত।
এক পর্যায়ে তিনি নিজের ঘরে গিয়ে জোহর ও দু'রাকাত শোকরানা নামাজ আদায় করেন। পরে তিনি ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী তার আত্মীয়-স্বজন ও দলীয় নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
দুপুর দেড়টার দিকে প্রথমে সৈয়দ আশরাফুল ইসলাম এবং তারপর দলের অন্যান্য নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা যমুনা থেকে বেরিয়ে যান।
এর আগে রায়ের খবর পেয়ে শেখ হাসিনা কেঁদেছেন জানিয়ে সৈয়দ আশরাফ এক সংবাদ সম্মেলনে বলেন, "সে সময় আমরা তার পাশে ছিলান। তিনি (হাসিনা) বিশ্বাস করেন, সব হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে।"
বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ মণির ছেলে সাংসদ ফজলে নূর তাপস ও এই মামলার বাদি মহিতুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে সোজা যমুনায় আসেন। তাপস গিয়েই তার ফুফু শেখ হাসিনাকে জড়িয়ে ধরেন। দু'জনই কাঁদতে থাকেন অঝোর ধারায়।
বাদ আছর যমুনায় মিলাদ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় মামলার প্রধান কৌসুলি আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যমুনায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসইউএম/এসকে/২৩০৭ঘ.
bdnews24