ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে এদিন তার হাজিরার দিন ধার্য ছিল।
খালেদার পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ জানুয়ারি খালেদাসহ মামলার অন্য আসামিদের হাজিরার দিন ধার্য করেছেন বিচারক এনএম বশিরুল্লাহ।
সেইসঙ্গে এ মামলার পলাতক দুই আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য আদালতে তাদের অনুপস্থিতিতে বিচারকাজ শুরু হবে জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছে আদালত।
পলাতক দুই আসামি হলেন- ড. কামাল উদ্দীন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
তবে জামিনে থাকা অন্য দুই আসামি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও শরফুদ্দীন আহমেদ বৃহস্পতিবার আদালতে হাজির হন।
খালেদার পক্ষে সময় বাড়ানোর আবেদনে বলা হয়, ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের কাজে খালেদা জিয়া ব্যস্ত রয়েছেন। এজন্য তিনি আদালতে হাজির হতে পারেননি।
গত ২৫ অক্টোবর মামলার তারিখ দেওয়া হলেও সেদিনও তিনি হাজির হননি। সর্বশেষ ৭ সেপ্টেম্বর বিরোধী দলের নেতা আদালতে হাজির হয়েছিলেন।
এতিমদের জন্য সৌদি সরকারের দেওয়া দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জিয়া অরফানেজ ট্রাস্টের মাধ্যমে অভিযুক্তরা আত্মসাত করেছেন অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুন-অর-রশীদ মামলাটি দায়ের করেন।
চলতি বছরের ৫ আগস্ট মামলাটিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এএল/এইচএ/২২৩০ ঘ.
bdnews24