২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই সীমান্তে বিডিআর-বিএসএফ উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গা সীমান্তের বিপরীতে নোম্যান্স-ল্যান্ড এলাকায় লিংক রোড (সংযোগ সড়ক) ও কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গা সীমান্তের বিপরীতে নোম্যান্স-ল্যান্ড এলাকায় লিংক রোড (সংযোগ সড়ক) ও কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বিডিআর দাবি করেছে, বিএসএফ আন্তর্জাাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখার দেড়শ' গজের মধ্যে সড়ক তৈরি ও বেড়া দিচ্ছে। এনিয়ে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বিএসএফ'র মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই পক্ষই সীমান্তে শক্তি বাড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্তে সংযোগ সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ করে চলেছে। পতাকা বৈঠক ডেকেও বিষয়টি সুরাহা করা যায়নি। এ নিয়ে কিছুটা উত্তেজনা রয়েছে। বিডিআর জওয়ানরা সতর্ক আছে। বিডিআর কর্মকর্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোলাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালগোলা থানার ১০৫ বিএসএফ ব্যাটালিয়নের চর আষাঢ়িয়াদহ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা বুধবার দুপুর থেকে শূন্য রেখার দেড়'শ গজের মধ্যে সংযোগ সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিডিআর তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানায়। কিন্তু প্রতিবাদ উপেক্ষা করে বৃহস্পতিবার বিএসএফ ওই এলাকায় অতিরিক্ত সৈন্য ও ভারী অস্ত্রসস্ত্র নিয়ে আবারও নির্মাণ কজি শুরু করে। বিডিআর আবারো প্রতিবাদ এবং পতাকা বৈঠকের আহবান। দুপুরে সীমান্তের শূন্য রেখায় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠকে বসে। বিডিআর মানচিত্র অনুযায়ী দূরত্ব পরিমাপ করার দাবি জানায়। দাবি না মেনে বিএসএফ কর্মকর্তারা বৈঠকস্থল ত্যাগ করেন। বিডিআর কর্মকর্তারা জানান, এরপরেও তারা বিএসএফ'র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। বিএসএফ তাতে সাড়া না দিয়ে সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রাখে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সীমান্তে বলতে গেলে বিাডআর ও বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। বিডিআর টহল বাড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.