অ্যাটর্নি জেনারেলকে ফের হত্যার হুমকি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ডাকযোগে পাঠানো কাফনের কাপড়সহ একটি প্যাকেট বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে তার দপ্তরে এসে পৌঁছায়। এর সঙ্গে পাঠানো চিঠিতে 'জামিয়া ইসলামী আল হোলহোলিয়া বাংলাদেশ' নামের একটি সংগঠন মাহবুবে আলমকে এ হত্যার হুমকি দেয়।
বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাকে এই হুমকি দেওয়া হলো।
এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে একটি চিঠি পাঠিয়েছে জামিয়া ইসলামী আল হোলহোলিয়া বাংলাদেশ। চিঠির ভিতরে এক টুকরা কাফনের কাপড় পাঠিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।"
তিনি আরো জানান, চিঠিতে বলা হয়েছে- "আপনি শেখ মুজিবের জন্য কাঁদেন কেন? শেখ রাসেলের জন্য কাঁদেন কেন? এদেরকে হত্যা করে ফারুক-রশিদ দেশ প্রেমিকের কাজ করেছে।"
তাদেরকে ফাঁসি দেওয়া হলে ২২ নভেম্বর জীবনের শেষ দিন হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয় বলে জানান মাহবুবে আলম।
এর আগে গত ২৬ অক্টোবর অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল।
শাহবাগ থানার কতর্ব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার হুমকির কথা জানিয়ে বুহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে অ্যাটর্নি জেনারেলের সহকারী কবির আহমেদ বাদি হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
