২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে আমার জন্য সর্বোত্তম উপহার: তাপস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণার পর ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, জন্মদিনে আমি সর্বোচ্চ ও সর্বোত্তম উপহার পেয়েছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 07:11 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণার পর ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, জন্মদিনে আমি সর্বোচ্চ ও সর্বোত্তম উপহার পেয়েছি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক প্রেস ব্রিফিং-এ আবেগপ্রবণ তাপস বলেন, "১৯ নভেম্বর আমার জন্মদিন। ১৯৭৫ সালে আমার বাবা-মা আমার জন্মদিন পালন করতে পারেননি। আজ আমি আমার জন্মদিনের সর্বোচ্চ উপহার পেয়েছি।" তিনি বলেন, "সর্বোচ্চ আদালত আজ মাইলফলক রায় ঘোষণা করেছে। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের জন্য ৩৪ বছর সংগ্রাম করতে হয়েছিল। জাতির জন্য এই ৩৪ বছর লজ্জাজনক। তার আত্মা (মুজিবুর রহমান) আজ শান্তি পাবে।" "আজ এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে", বলেন তাপস। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ২৪ বছর সংগ্রাম করতে হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য। সপরিবারে তাকে হত্যার বিচারের জন্য ৩৪ বছর দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। সর্বোচ্চ আদালত মাইলফলক রায় দেওয়ার মাধ্যমে এ হত্যাকান্ডের বিচার সম্পন্ন হলো। সাংসদ তাপস এ মামলার আইনজীবী প্রয়াত সিরাজুল হকের কথা স্মরণ করে বলেন, সিরাজুল হক বেহেশত থেকে দোয়া করছেন। জাতির জনকের আত্মা আজ শান্তি পাচ্ছে। তিনি এ মামলার সকল আইনজীবী, বাদি আ ফ ম মুহিতুল ইসলাম, তদন্ত কর্মকর্তা আবদুল কাহ্হার আকন্দসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, টুডে ইস দি ওয়াকিং হিস্ট্রি। এদেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠিত হলো। জাতি আজ কলঙ্কমুক্ত হলো। ভবিষ্যতে আর কেউ এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পাবে না। এ মামলার বিচারে বিলম্বের বিষয়টি উল্লেখ করে তাপস বলেন, যত দিনই লাগুক, যত কষ্টই হোক অপরাধী এখন থেকে শাস্তি পাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। ঐতিহাসিক এক রায়ে বৃহস্পতিবার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। তাপস বঙ্গবন্ধু পরিবারের সদস্য। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তার বাবা ও মাকেও হত্যা করা হয়। তাপসের বাবা শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর ভাগ্নে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/জিএনএ/এইচএ/১৭৩১ ঘ.