২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলের পর মিছিল

দলের পক্ষ থেকে মিছিল না করার আহ্বান জানানো হলেও বঙ্গবন্ধু মামলার আসামি পক্ষের আপিল আবেদন খারিজের পর বৃহস্পতিবার মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে কেন্দ্রীয় নেতারা কর্মী-সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 07:00 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের পক্ষ থেকে মিছিল না করার আহ্বান জানানো হলেও বঙ্গবন্ধু মামলার আসামি পক্ষের আপিল আবেদন খারিজের পর বৃহস্পতিবার মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে কেন্দ্রীয় নেতারা কর্মী-সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। রায়ের আগে সকালেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরে সমবেত হন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। সুপ্রিম কোর্টেও ছিলেন অনেকে। আদালত আপিল খারিজের আদেশ দেওয়ার পরপরই মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে মিছিল করতে থাকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। সেখানে বঙ্গবন্ধু পরিবারের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, "৩৪ বছর পর ন্যায়বিচার পেলাম। এর মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হলো।" আবুল হাসানাতের বাবা আবদুর রব সেরনিয়াবাতকেও '৭৫ এর ১৫ আগস্ট হত্যা করা হয়। সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ সাংসদ আবদুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, "অপরাধ করলে যে পার পাওয়া যায় না, এ রায়ে তাই প্রমাণিত হলো।" বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সমবেত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক, যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ। রায়ের পরই সেখানে মিছিল শুরু হয়। তবে আইন প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের বলেন, "ন্যায় বিচার প্রত্যাশা করেছিলাম, তা পেয়েছি। সত্যের জয় হয়েছে।" ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরের সামনে নেতা-কর্মীদের নিয়ে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়েদুল কাদের, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী। ওবায়েদুল কাদের সাংবাদিকদের বলেন, "জাতির আজ কলঙ্কমুক্তির দিন। তবে আমাদেও সবাইকে ধৈর্য ধরতে হবে।" স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "৩৪ বছর পর জাতি কলঙ্কমুক্ত হলো। বঙ্গবন্ধু হত্যার পর দেশে যে হত্যা ও সন্ত্রাসের যে রাজনীতি শুরু হয়, এ রায়ের মধ্য দিয়ে তার অবসান ঘটবে বলে আশা করি।" কোনো ধরনের আনন্দ মিছিল না করার জন্য সারাদেশের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সাহারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এলএইচ/এফএফ/এমআই/১১১৫ ঘ.