রাজশাহী, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায়কে সামনে রেখে রাজশাহী মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
মহানগর পুলিশের উপ-কমিশনার সরদার নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর নওদাপাড়া, কাশিয়াডাঙ্গা ও তালাইমারী চেকপোস্টে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের নগর বিশেষ শাখা (এসবি) গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এ ছাড়া র্যাবের নিয়মিত টহলও রয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, নগরীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, আদালত এলাকা, নগর ভবন, বেতার ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার ও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট টিপু সুলতান জানান, ওপরের নির্দেশে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান সাংবাদিকেদের বলেন, মঙ্গলবার থেকেই রাজশাহী অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মাঠে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24