ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরা মডেল টাউন (তৃতীয় পর্যায়) ও পূর্বাচল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দের বাদ পড়া আবেদনকারীদের টাকা দ্রুত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
বুধবার দুপুরে রাজউক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোফাকখারুল ইকবাল জানান, প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে রাজউক-এর একজন সদস্যের নেতৃত্বে একটি তথ্য ও সমন্বয় সেল গঠন করা হয়েছে।
পরিদর্শনে মন্ত্রী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন বলে জনসংযোগ কর্মকর্তা জানান।
এসময় মন্ত্রী জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ এবং বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেন।
রাজউকে দর্শনার্থী ও সেবা গ্রহণকারীরা এসময় প্রতিমন্ত্রীকে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
আব্দুল মান্নান খান এসব দুর্নীতিবাজ ও অসৎ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২২৫৬ঘ.
bdnews24