২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকারি জাহাজ 'এমভি সোনারগাঁর' যাত্রা শুরু

ঢাকা থেকে চাঁদপুর-বরিশাল-মোড়েলগঞ্জসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) একটি নতুন যাত্রীবাহী জাহাজ নামিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 07:53 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে চাঁদপুর-বরিশাল-মোড়েলগঞ্জসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) একটি নতুন যাত্রীবাহী জাহাজ নামিয়েছে। 'এম ভি সোনারগাঁ' নামের এ জাহাজটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সদরঘাট টার্মিনালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্তৃপক্ষ জাহাজটিকে 'অত্যাধুনিক ও বিলাসবহুল' বলে বর্ণনা করেছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, নতুন এ জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ৮০০ জন। এতে ৬২টি বিজনেস ক্লাস, ২২টি প্রথম শ্রেণী ও ৬টি ভিআইপি কেবিন এবং দু'টি ফ্যামিলি স্যুইট রয়েছে। তিনি জানান, জাহাজটি আগে বাংলাদেশ রেলওয়ের একটি ফেরি ছিল। বিআইডব্লিউটিসি এক কোটি ৮৪ লাখ ৮২ হাজার টাকায় এটি সংগ্রহ করে। পরে আট কোটি ৬২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে খুলনা শিপইয়ার্ডে এটিকে যাত্রীবাহী জাহাজে রূপান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/০১৩৭ঘ.