২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক সমকাল'র ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার বিচার কাজ আবার শুরু করে দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ফরিদপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সমকাল'র ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার বিচার কাজ আবার শুরু করে দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ফরিদপুরের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে। ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুরের সমকাল কার্যালয়ে শ্বাসরোধ করে গৌতম দাসকে হত্যা করে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব চত্বরে স্থাপিত গৌতম দাসের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, অধ্যাপক আলতাফ হোসেন, সমাজকর্মী শাজাহান মোল্লা, অধ্যাপক আনম আব্দুস সোবহান, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, সংস্কৃতিকর্মী মুন্সী মোহাম্মাদ আলী রুমী প্রমুখ। বক্তারা গৌতম দাস হত্যা মামলার বিচার কার্যক্রম আবার শুরু করে দ্রুত শেষ করার দাবি জানান। এদিকে তার স্মরণে ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের নিজ বাড়িতে সমাধিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা করেছে গৌতম স্মৃতি সংসদ। এ ছাড়া প্রথম আলো বন্ধুসভা, সমকাল সুহৃদ সমাবেশ ও সাংবাদিক সমিতিও গৌতম দাসের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও স্মরণ সভা করে। ২০০৬ সালের ১৯ জানুয়ারি ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ২৮ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচার কাজ শুরু হয়। আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। ছয়বার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর পর এ বছরের ১৬ মার্চ হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেন। মামলাটি বর্তমানে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আদালতে শুনানি শেষে আইনজীবীদের যুক্তিতর্কের অপেক্ষায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.