২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বারের আইনজীবীদের হাতাহাতি

রাজশাহী আইনজীবী সমিতির এক সভায় মঙ্গলবার দু'পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে সভাটি পণ্ড হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

রাজশাহী, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী আইনজীবী সমিতির এক সভায় মঙ্গলবার দু'পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে সভাটি পণ্ড হয়ে যায়। সমিতির কার্য নির্বাহী কমিটির ১১ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করা নিয়ে সমিতি কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়েছিল। দুপুর ২টার দিকে সভা শুরুর পর একজন সদস্য বক্তব্য দেওয়ার সময় কিছু সদস্য হট্টগোল ও ভাংচুর শুরু করেন। সাধারণ সম্পাদক লোকমান আলী সাংবাদিকদের বলেন, পদত্যাগকারীরা এজেন্ডাবহিভূর্ত বক্তব্য দিলে কিছু আইনজীবী এর প্রতিবাদ করেন। তিনি বলেন, "তাদের আচরণে মনে হয় তারা পদত্যাগ করেছেন কিন্তু সভায় যেন তা গৃহীত না হতে পারে।" পদত্যাগকারী হাবিবুর রহমান বলেন, "সভা শুরুর পর আমাদের সদস্যরা বক্তব্য দেওয়ার সময় কিছু আইনজীবী হৈচৈ করেন। এ নিয়ে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে এবং সভা পণ্ড হয়।" সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে এনে গত ৩১ অক্টোবর কার্য নির্বাহী কমিটির ১১ সদস্য একযোগে পদত্যাগপত্র জমা দেন। এরা হলেন সহ-সভাপতি একেএম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান, সম্পাদক অডিট শামসুল হক, গ্রন্থাগার সম্পাদক মাহমুদুর রহমান রুমন, তথ্য ও প্রকাশনা সম্পাদক মাসুদ সরদার, ম্যাগাজিন সম্পাদক রজব আলী এবং সদস্য আফতাবুর রহমান, মোফাজ্জল হোসেন, আব্দুল মতিন, পারভেজ তৌফিক ও কামরুল মনির। সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, রাজশাহী বার সমিতির ওকালতনামা ও বেলবন্ড বিক্রয় কাউন্টার থেকে ২০০৮ সালের ২৩ নভেম্বর থেকে চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত 'এইচ' ও 'জি' সিরিজের ২০ হাজার কপি ওকালতনামা জালিয়াতির মাধ্যমে বিক্রি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.