২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলায় আবদুল মজিদ ফের পুলিশ হেফাজতে

হুজি নেতা আবদুল মজিদকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফের ৪ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুজি নেতা আবদুল মজিদকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফের ৪ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ মজিদকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতের আবেদন করেন। গত ১১ নভেম্বরে তাকে এ মামলায় ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। এদিকে সর্বশেষ রিমান্ড আবেদনে মজিদের নতুন নাম ও ঠিকানার উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, আব্দুল মজিদ বাট কাশ্মীরের বাসিন্দা। তার প্রকৃত নাম আবু ইউসুফ বাট। পিতা মৃত আব্দুর রহমান, সাং তিরিগাও তেহশীল, থানা কুলগাঁও, জেলা ইসলামাবাদ, কাশ্মীর। আবেদনে মজিদকে কাশ্মীরের জঙ্গি সংগঠন হেজবুল মুজাহীদিনের সদস্য দাবি করে বলা হয়, তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনের সহযোগিতায় এ দেশে আসেন। মজিদ কাশ্মীরি জঙ্গিদের এদেশে এনে প্রশিক্ষণ দিতেন বলেও অভিযোগ করা হয়। এদিকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার সদস্য মনোয়ার আলী, সৈয়দ সুফিয়ান আজহারী ও মো. জাহিদকে সোমবার আবার ৫৪ ধারায় ৪ দিনের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ঢাকার ভারতীয় ও মার্কিন দূতাবাসসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এর আগেও তাদের ২ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এসকে/১৯৩০ঘ.