২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে দুই যুবককে নির্যাতন

কথিত মোবাইল ফোনসেট চুরির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই যুবককে নির্যাতনের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 01:13 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কথিত মোবাইল ফোনসেট চুরির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই যুবককে নির্যাতনের ঘটনা ঘটেছে। উপজেলার ধাইনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ইব্রাহিম ও মাসুদ নামের দুই যুবককে বাড়িতে আটকে রেখে গ্রামের আব্দুল মান্নান ও তার ভাইয়েরা প্রায় সারাদিন নির্যাতন করেন। তাদের নির্যাতনে দুই যুবক এখন শয্যাশায়ী। তারা হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে দাবি করেছে তাদের পরিবার। অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই ঘটনায় দুপক্ষই থানায় মামলা করেছে। মঙ্গলবার ধাইনগর ইউনিয়ন ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি এসব তথ্য পেয়েছেন। দুই যুবককে নির্যাতন করার বিষয়টি স্বীকার করে মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের অন্য এলাকার কিছু ব্যক্তি এ নিয়ে গ্রামের লোকজনকে তার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। গ্রামবাসী ও নির্যাতনের স্বীকার দুই যুবকের পরিবার জানায়, মান্নান ও তার পরিবার গ্রামে বেশ প্রভাবশালী। তার একটি মোবাইল ফোনসেট চুরি যাওয়ার ঘটনায় একই গ্রামের মজিবুর রহমান পাঁচুর ছেলে ইব্রাহিম (২৪) ও ফলেন মণ্ডলের ছেলে মাসুদকে (১৮) সন্দেহ করা হয়। এরপর ২৪ আক্টবর সকালে মাঠে কাজ করার সময় এ দুজনকে বাড়িতে ধরে নিয়ে যায় মান্নানের লোকজন। সারাদিন তাদের বাড়িতে আটকে রেখে গরম পানি ও মরিচের গুঁড়ো নাকে মুখে ঢেলে চালানো হয় নির্যাতন। নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে মান্নানের লোকজনের চাপে মাসুদ চুরির সঙ্গে ইব্রাহিম জড়িত বলে জানায়। দুপুরের দিকে ছেড়ে দেওয়া হয় আহত মাসুদকে। সাদা কাগজে টিপ সই নিয়ে সন্ধ্যার আগে ইব্রাহিমকে তার বাড়ির সামনে ফেলে আসে মান্নানের লোকজন। ওইদিনই তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিত ইব্রাহিমের স্ত্রী সুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী মোবাইল ফোনসেট চুরি করেননি। অন্যায়ভাবে দোষারোপ করে তাকে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, অর্থাভাবে তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না। সুমি দোষীদের বিচার দাবি করেন। গ্রামের কৃষক সাবরুদ্দীন ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, অন্যায় অপবাদ দিয়ে ইব্রাহিমের উপর নির্যাতন চালানো হয়েছে। ইব্রাহিমের মা বেরাফুল বেগম তার ছেলের নির্যাতনকারীদের বিচার দাবি করে বলেন, তার সামনে থেকে ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মান্নানের লোকজন। গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছে মান্নানের। গ্রামের অধিকাংশ মানুষই তার বিপক্ষে। সে কারণে মান্নান ও তার পাঁচ ভাই ফোনসেট চুরির মিথ্যা অভিযোগে মাসুদ ও ইব্রাহিমকে নির্যাতন করেছে। এর মাধ্যমে তারা গ্রামবাসীকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছে বলে তারা মনে করেন। গ্রামবাসী জানায়, এ নিয়ে স্থানীয়ভাবে দুই দফা বিচার সালিশ হলেও 'নির্যাতনকারীরা' কোনো সিদ্ধান্তই মানেনি। তাই বাধ্য হয়ে ৩০ অক্টোবর ইব্রাহিমের বড় ভাই মোস্তফা শিবগঞ্জ থানায় আব্দুল মান্নানসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। পরদিন মান্নান ফোনসেট চুরি ও বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগে পাল্টা মামলা করেন। ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রভাবশালী হওয়ায় মান্নান ও তার পরিবার কোন বিচার-সালিশই মানেন না। বিক্ষুব্ধ গ্রামবাসী ঘটনার সুষ্ঠু বিচার ও নির্যাতিতদের ক্ষতিপূরণের দাবিতে প্রতিদিনই এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বলে তিনি জানান। শিবগঞ্জ থানার ওসি ফজলুর রহমান জানান, মামলা দুটির তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৯ ঘ.